ফরিদপুরে কাশবনের নির্জন স্থানে এক তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণের প্রায় ছয় বছর পর মামলার রায় ঘোষণা করেছেন আদালত।
এ ঘটনায় দায়ের করা মামলায় আট আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খান (২৬), ইলিয়াস সিকদার (৩৩), মোস্তাক শেখ (৩২) ও রিয়াজ শিকদার। তারা সবাই ফরিদপুর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা।
মামলার এজাহার ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফরিদপুর সদর উপজেলার ধলার মোড়সংলগ্ন পালডাঙ্গী চরের একটি কাশবনের ভেতরে ওই তরুণীকে জোরপূর্বক আটকে রাখেন আসামিরা। সেখানে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। একই সঙ্গে ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয়।
ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরে ধর্ষণের ঘটনার একটি ভিডিও ক্লিপ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে পৌঁছালে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। তদন্তের ধারাবাহিকতায় ২০২০ সালের ৬ আগস্ট বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শাহীন শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। পরে প্রধান আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের শনাক্ত করা হয়।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক কার্যক্রমে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আট আসামিকে দোষী সাব্যস্ত করে তাদের আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী ও তার পরিবার ন্যায়বিচার পেয়েছেন। নির্জন চরের কাশবনে সংঘটিত এমন জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে।