মূল সংবাদে যান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নিজ বাড়ির প্রাচীর ভেঙে সড়ক প্রশস্তের কাজ শুরু এমপি শাওনের

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
নিজ বাড়ির প্রাচীর ভেঙে সড়ক প্রশস্তের কাজ শুরু এমপি শাওনের
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় সড়ক প্রশস্ত করতে নিজের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দিলেন সংসদ সদস্য আতিকুল আলম শাওন। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে শুধু নিজের স্থাপনা সরানোই নয়, সড়কের পাশের অন্য বাসিন্দাদেরও স্থাপনা সরিয়ে নিতে উদ্বুদ্ধ করেছেন তিনি।

এ উদ্যোগে শুরু হয়েছে দীর্ঘদিন অবহেলিত চান্দিনা-শ্রীমন্তপুরসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের উন্নয়নকাজ।

রোববার (৮ নভেম্বর) বিকেলে চান্দিনা-শ্রীমন্তপুর সড়কের উন্নয়নকাজের সূচনা হয়। এ সময় সংসদ সদস্য নিজের বাড়ির সীমানাপ্রাচীর সরিয়ে দেন। পাশাপাশি সড়কের পাশে থাকা অন্য স্থাপনা অপসারণেও উদ্যোগ নেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রকল্প অনুযায়ী, উন্নয়ন শেষে সড়কটি হবে ২২ ফুট প্রশস্ত। এর মধ্যে ১৮ ফুট থাকবে মূল সড়ক, বাকি ৪ ফুটজুড়ে নির্মাণ করা হবে ড্রেন। চান্দিনা-শ্রীমন্তপুর ব্রিজ পর্যন্ত ৩ দশমিক ১২ কিলোমিটার এবং কাঁঠালপুল-হাজির মোড় সড়কের ৯০৬ মিটার উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার টাকা।

সংসদ সদস্য আতিকুল আলম শাওন বলেন, নির্বাচনের আগে পৌরবাসীকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর অন্যতম ছিল চান্দিনা-শ্রীমন্তপুর সড়কের উন্নয়ন। প্রায় ১২ বছর আগে সড়কটির নামমাত্র সংস্কার হয়েছিল। এরপর কোনো সংসদ সদস্য এ সড়কের উন্নয়নে নজর দেননি। আগামী ছয় মাসের মধ্যে চান্দিনা উপজেলার সব সড়কের উন্নয়ন করা হবে।

নিজের সীমানাপ্রাচীর সরিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমার বাবা মানুষকে ছাড় দিয়ে চলতেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও ছাড় দিয়ে চলেন। তার কর্মী হিসেবে সাধারণ মানুষের জন্য আমি আমার সীমানাপ্রাচীর ত্যাগ করলাম। মানুষের চলাচল সহজ হোক, এটাই আমার চাওয়া।’

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত চান্দিনা-শ্রীমন্তপুর সড়কটি এলাকার যোগাযোগব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌরসভার ছায়কোট ও লতিফপুর এলাকার সবজি উৎপাদনকারী কৃষকদের পণ্য পরিবহনের অন্যতম প্রধান পথ এটি। পাশাপাশি গরুর হাট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাতায়াতেও সড়কটি ব্যবহৃত হয়।

সড়কটির পাশে রয়েছে পৌরসভা ভবন, রেদোয়ান কলেজ, ড. ফিরোজা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, আদর্শ স্কুল, বীর বিক্রম মালেক কলেজ এবং উপজেলা মিনি স্টেডিয়াম।

এদিকে চান্দিনা পৌরসভার উপজেলা রাস্তার মাথা থেকে পালকি সিনেমা হল পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পেও অগ্রগতি হয়েছে। প্রকল্পটি বিশ্বব্যাংকের নীতিগত অনুমোদন পেয়েছে। বর্তমানে দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক বলেন, পৌরসভার উন্নয়নমূলক কাজের মধ্যে চান্দিনা-শ্রীমন্তপুর সড়ক অন্যতম। পর্যায়ক্রমে অন্য সড়কগুলোর উন্নয়নকাজও শুরু করা হবে। এতে অচিরেই পৌরসভার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

সাদা পোশাকে বিরল রেকর্ড, মুশফিকের নতুন ইতিহাস

পরের সংবাদ

জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।