মূল সংবাদে যান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুৎ প্যানেল থেকে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

তিনি জানান, সংসদের অধিবেশন চলাকালে প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করা যাবে। অন্য সময়ে বিদ্যুতের চাহিদা মেটানোর পর অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

এ সময় সংসদ চত্বরে উৎপাদিত সৌরবিদ্যুৎ সংরক্ষণের জন্য এনার্জি স্টোরেজ সুবিধা রাখার সুনির্দিষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

নিজ বাড়ির প্রাচীর ভেঙে সড়ক প্রশস্তের কাজ শুরু এমপি শাওনের

পরের সংবাদ

লালবাগে বিপ্লব হত্যা মামলার দুই প্রধান আসামি গ্রেপ্তার

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।