কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ শুরু করেছে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার।
রাজ্যের বুলন্দশহর থেকে গোমূত্র সংগ্রহের এই পাইলট প্রকল্পের ফলে কৃষকদের আয় বৃদ্ধি পাশাপাশি দুধ দেওয়া বন্ধ করা গাভীর রক্ষণাবেক্ষণ সহজ হবে বলে আশা করা হচ্ছে।
একইসঙ্গে গোমূত্র সংগ্রহ প্রক্রিয়ায় যুক্ত হয়ে গ্রামীণ নারীদের অতিরিক্ত উপার্জনের সুযোগ সৃষ্টি হবে। বুলন্দশহরের ১৫টি গ্রাম নিয়ে শুরু হওয়া এই প্রকল্পে বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে।
গ্রামগুলোতে তা সংরক্ষণের জন্য ২০০ লিটারের বিশেষ ট্যাংক স্থাপন করা হয়েছে। বর্তমানে প্রায় ৩০০ জন নারী শেয়ারহোল্ডার হিসেবে এই প্রক্রিয়ায় যুক্ত আছেন। তাদের সংগৃহ করা গোমূত্রের ওপর প্রতি লিটারে ২ রুপি কমিশন দেওয়া হচ্ছে।
ভবিষ্যতে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার ২০ রুপি দরে গোমূত্র কেনার পরিকল্পনা রয়েছে উত্তরপ্রদেশ সরকারের।
সংগৃহীত গোমূত্র জৈব কৃষিকাজে রাসায়নিক সারের বিকল্প হিসেবে ব্যবহারের লক্ষ্য নেওয়া হয়েছে। এটি সফল হলে রাজ্যজুড়ে আনুষ্ঠানিক নীতি প্রণয়ন করে তা চালু করা হবে।