প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য জামানতবিহীন ঋণ দেওয়ার উদ্যোগ আবার চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহার করে নির্দিষ্ট শ্রেণির গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এ ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ ১২ মাস সময় পাওয়া যাবে। গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার হবে সর্বোচ্চ ৯ শতাংশ।
রোববার (১৫ নভেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে ব্যাংকগুলোকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় পরিচালিত এ কর্মসূচিতে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ ও ই-ওয়ালেটের মতো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ঋণ বিতরণ করা যাবে। অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৩ শতাংশ সুদে তহবিল পাবে।
প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা, নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষ এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। আগামী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত এ পুনঃঅর্থায়ন সুবিধা চালু থাকবে।
এর বাইরে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে গত ১২ নভেম্বর ১ হাজার ৫০০ কোটি টাকার আরেকটি পুনঃঅর্থায়ন তহবিল গঠনের ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। এ তহবিলের আওতায় ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ১ শতাংশ সুদে অর্থ নিয়ে গ্রাহকদের সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ দিতে পারবে।
এ কর্মসূচিতে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং একাধিক ব্যক্তির দল সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ নিতে পারবে। তবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো জামানত দিতে হবে না। ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর।
তহবিলের আওতায় ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তা, কৃষক, মৎস্যজীবী, মুচি, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দর্জি, রিকশা ও ভ্যানচালক ঋণ পাওয়ার সুযোগ পাবেন।
এ ছাড়া কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, বৈদ্যুতিক ও গৃহস্থালি যন্ত্রপাতি মেরামতকারী, খাদ্যপণ্য প্রস্তুতকারী, তাঁতি, চা-শ্রমিক ও দোকানিরাও এ সুবিধার আওতায় থাকবেন।
মোবাইল রিচার্জ ও মোবাইল আর্থিক সেবার এজেন্ট, ইন্টারনেট সেবাদাতা, পথের ক্ষুদ্র ব্যবসায়ী, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, ফ্রিল্যান্সার এবং নার্সারি ব্যবসায়ীরাও এ তহবিল থেকে ঋণ নিতে পারবেন।
গাছ লাগানো, সেলাই, নকশিকাঁথা, ব্লক-বাটিক ও কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও ঋণের সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া ভিডিপির প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য, ভূমিহীন ও প্রান্তিক কৃষকেরাও ঋণ পাবেন।
তহবিলের অন্তত ২৫ শতাংশ ঋণ নারীদের মধ্যে বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ, উপকূলীয় এলাকা, চর ও হাওরাঞ্চলের বাসিন্দা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদেরও অগ্রাধিকার দেওয়া হবে।
প্রবাসী আয় গ্রহণকারী পরিবারের সদস্য ও বিদেশফেরত কর্মীরাও এ কর্মসূচির সুবিধা নিতে পারবেন। প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষও ঋণের জন্য বিবেচিত হবেন।
শিক্ষার্থীদের জন্যও ঋণের ব্যবস্থা রাখা হয়েছে। ২৫ বছর বয়স পর্যন্ত সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীরা কারিগরি, বৃত্তিমূলক ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের খরচ মেটাতে ঋণ নিতে পারবেন।
পাশাপাশি এমবিবিএস, বিডিএস ও প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষার ব্যয় এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার জন্যও ঋণ দেওয়া যাবে। তবে এ ক্ষেত্রে অভিভাবককে ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে হবে।
একক ঋণগ্রহীতা সর্বোচ্চ ১০ লাখ টাকা নিতে পারবেন। দলগত ঋণের ক্ষেত্রে দুই থেকে পাঁচজন মিলে আবেদন করতে পারবেন। একটি দল সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ পাবে; তবে কোনো সদস্যের ঋণের পরিমাণ ৮ লাখ টাকার বেশি হবে না। দলগত ঋণের ক্ষেত্রে প্রত্যেক সদস্যের দায় যৌথ ও ব্যক্তিগত দুইভাবেই কার্যকর থাকবে।
ঋণ পেতে গ্রাহককে ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব খুলতে হবে। অনুমোদিত ঋণের অর্থ সরাসরি ওই হিসাবে জমা হবে। ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে জামানত লাগবে না। এর বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক প্রয়োজন অনুযায়ী যৌক্তিক জামানত চাইতে পারবে।
২৫ হাজার টাকা থেকে শুরু করে ঋণের ক্ষেত্রে ব্যাংক ঋণ নিশ্চয়তা কর্মসূচির সুবিধা নিতে পারবে। এ জন্য নিশ্চয়তা ফি ব্যাংককেই পরিশোধ করতে হবে।
বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলো ১ শতাংশ সুদে তহবিল পাবে। গ্রাহক পর্যায়ে ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। শরিয়াহভিত্তিক ব্যাংকের ক্ষেত্রে মুনাফার হারও সর্বোচ্চ ৭ শতাংশ হবে।
ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ৬০ মাস বা পাঁচ বছর। প্রয়োজনে ছয় মাস পর্যন্ত কিস্তি পরিশোধে ছাড় দেওয়া যাবে। মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বছরে একবার কিস্তি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
ঋণ দেওয়ার আগে গ্রাহকের ঋণসংক্রান্ত তথ্য যাচাই করতে হবে। এ জন্য ঋণ তথ্য ব্যুরোর প্রতিবেদন নিতে হবে। তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে এ প্রতিবেদন সংগ্রহের জন্য কোনো ফি নেওয়া যাবে না।
ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা এবং অনলাইন বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণের আবেদন ও অর্থ বিতরণ করা যাবে। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ফি ছাড়া গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কোনো প্রক্রিয়াকরণ ফি নেওয়া যাবে না।
ঋণের অর্থ নির্ধারিত কাজে ব্যবহার হচ্ছে কি না, তা ব্যাংকগুলোকে পর্যবেক্ষণ করতে হবে। পাশাপাশি এ কর্মসূচির অগ্রগতি ও ঋণ বিতরণের তথ্য প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।