মূল সংবাদে যান
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবিঃ নিউজফাস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি সাঈদ আহমেদ এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর কমিটির সদস্যদের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। কমিটিতে প্রস্তাবটি গৃহীত হয়।

এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। এসব সংস্থার মধ্যে রয়েছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস প্রশাসন একাডেমি, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, সরকারি যানবাহন অধিদপ্তর, সরকারি কর্মচারী হাসপাতাল, বিয়াম ফাউন্ডেশন, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা) এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)।

বৈঠকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করে কমিটি। একই সঙ্গে মন্ত্রণালয়ের আওতাধীন যেসব প্রকল্পের কার্যক্রমে ধীরগতি রয়েছে, সেগুলোর কারণ অনুসন্ধান এবং ‘সবার উপরে বাংলাদেশ’ লক্ষ্য বাস্তবায়নে সরকারি দায়িত্ব পালনে অসহযোগিতা বা অবহেলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এ ছাড়া রাষ্ট্র সংস্কারে মানসিকতার পরিবর্তন ঘটিয়ে জাতীয়তাবাদী চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ৩১ দফা সংস্কার বাস্তবায়নে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার পরামর্শ দেওয়া হয়। দেশের কাঠামোগত সমস্যার সমাধানে গতানুগতিক চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে জবাবদিহিতা, স্বচ্ছতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার ওপরও গুরুত্বারোপ করে কমিটি।

বৈঠকে কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি, এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান) এমপি, শাহজাহান চৌধুরী এমপি, মো. আমিরুল ইসলাম খান এমপি, ফখর উদ্দিন আহমেদ এমপি, রেহেনা আক্তার রানু এমপি এবং মো. নূরুল ইসলাম এমপি অংশগ্রহণ করেন।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

এতো শক্তিশালী হয়েও কেন হুতিদের ঠেকাতে পারছে না সৌদি আরব?

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।