মূল সংবাদে যান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কাঞ্চনজঙ্ঘা, চো ওয়ু ও আজকের হেমন্তের সকাল: উত্তরের আকাশে অনন্য রোমাঞ্চ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
কাঞ্চনজঙ্ঘা, চো ওয়ু ও আজকের হেমন্তের সকাল: উত্তরের আকাশে অনন্য রোমাঞ্চ

হেমন্তের হালকা শীতে প্রকৃতি এখন সেজেছে এক মোহনীয় রূপে। কুয়াশা ভেদ করে উত্তরের জেলা পঞ্চগড়ের আকাশ উঁকি দিচ্ছে হিমালয়ের বরফঢাকা রাজকীয় চূড়াগুলো। এর মধ্যেই আজ ৯ নভেম্বর ২০২৬, সকাল সাড়ে ছয়টার দিকে এক চমৎকার দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন দেশের পরিচিত আলোকচিত্রী। কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি এদিন আকাশে ধরা দিয়েছে পৃথিবীর ষষ্ঠতম উচ্চতম পর্বত শৃঙ্গ—‘চো ওয়ু’ (Cho Oyu)।

মাউন্ট এভারেস্টের প্রতিবেশী এই পর্বতটির নাম যেমন সুন্দর, তেমনি এর নামের ইতিহাসও রোমাঞ্চকর। তিব্বতি ভাষায় 'চো ওয়ু' শব্দের অর্থ হলো "ফিরোজা দেবী" বা ইংরেজিতে 'Turquoise Goddess'। এ পর্বতের বিশেষত্ব হলো—এর পাথুরে গা থেকে এক ধরনের মনোরম নীল-সবুজ আভার বিচ্ছুরণ ঘটে, যা তিব্বতিদের মুগ্ধ করে এই নামকরণ করতে উদ্বুদ্ধ করেছিল।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,১৮৮ মিটার (২৬,৮৬৪ ফুট) উচ্চতার এই পর্বতটি হিমালয়ের মহালাঙ্গুর পর্বতশ্রেণীর খুম্বু উপ-বিভাগে মাউন্ট এভারেস্টের ঠিক পশ্চিমে অবস্থিত।

যেভাবে মিলল ফিরোজা দেবীর সন্ধান

পঞ্চগড় থেকে এই দুর্লভ শৃঙ্গটি খুঁজে পাওয়ার নেপথ্যে রয়েছেন জনপ্রিয় আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ। তাঁর দীর্ঘদিনের গবেষণা ও পর্যবেক্ষণ প্রসঙ্গে তিনি জানান, "সত্যি বলতে, এভারেস্টের চিন্তায় ওদিকে মনোযোগ দেওয়া হয়নি। এভারেস্টের মোটামুটি ছবি তোলার পর আজ মনে হলো দেখি একটু ফিরোজা পর্বতের কী খবর। পেয়েও গেলাম! নিশ্চিতও হলাম, ওইটাই তিব্বতিদের ‘ফিরোজা দেবী’। দিক ও এঙ্গেলও তাই বলছে। তবে দৃষ্টিসীমা পুরোপুরি স্ফটিকস্বচ্ছ ছিল না। এখন অপেক্ষা কেবল একটি দুর্দান্ত পরিষ্কার সকালের। এ বছর হয়তো আর হবে না, বেঁচে থাকলে সামনের বছর দেখা মিলবে!"

উত্তরাকাশ ফুঁড়ে কাঞ্চনজঙ্ঘার আবির্ভাব

চিত্রগ্রাহকের সমস্ত মনোযোগ চো ওয়ুর দিকে থাকলেও ৩৪৪ ডিগ্রি বিয়ারিং যেন এক অদ্ভুত গ্রাভিটেশনাল ফোর্সে বা অমোঘ টানে তাকে বারবার আকর্ষণ করছিল। আর ওই ৩৪৪ ডিগ্রিতেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা!

পৃথিবীর অন্যতম সুন্দর এই পর্বত আজ হুট করে উত্তরাকাশ ফুঁড়ে আবির্ভূত হয়েছে স্বমহিমায়। হেমন্তের আলতো শীতে সোনার চাদর গায়ে জড়িয়ে দাঁড়িয়ে থাকা সেই চিরাচরিত কাঞ্চনে মোড়ানো কাঞ্চনজঙ্ঘার নিচে পড়ে রয়েছে পল্লী বাংলার মেঠো পথ আর কাঁচা-পাকা ধানের ক্ষেত। সব মিলিয়ে উত্তরের হেমন্ত যেন নিজেকে উজাড় করে দিয়েছে এই রূপের পসরায়।

সম্ভাবনাময় পর্যটন খাত

কাঞ্চনজঙ্ঘা ও হিমালয়ের অন্যান্য শৃঙ্গ দেখার এই দ্বার উন্মোচন দেশের পর্যটকদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা উপহার দিচ্ছে। ভ্রমণপিপাসুরা এখন তৃপ্তির ঢেকুর গিলতেই পারেন। উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড় দিন দিন দেশের পর্যটকদের নতুন ও আকর্ষণীয় ঠিকানায় পরিণত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, সঠিক ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা গেলে সম্ভাবনাময় এই অঞ্চলের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।