খাদ্যে ভেজাল ও অনিয়ম রোধে নিরাপদ খাদ্য আইন আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনীতে গুরুতর অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি আদায় করা জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে পুরস্কার হিসেবে দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখার পক্ষে মত দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
মঙ্গলবার (২৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব প্রস্তাব ও নির্দেশনা তুলে ধরা হয়।
কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ সংশোধনের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাবে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতে অথবা কর্তৃপক্ষের তদন্তে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করা যাবে। এ ছাড়া আদায় করা জরিমানার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে পুরস্কার হিসেবে দেওয়ার প্রস্তাব রয়েছে।
বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন। ভোক্তাদের কাছে মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় বিদ্যমান আইন আরও কঠোর করার পাশাপাশি প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার পক্ষে মত দেন মন্ত্রী।
অন্যদিকে, ধান সংগ্রহে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের বিষয়েও গুরুত্ব দেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
বৈঠকে দেশের খাদ্যগুদামগুলোর ধারণক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে সারা দেশে খাদ্যগুদামগুলোর মোট ধারণক্ষমতা ২২ লাখ ৯৩ হাজার মেট্রিক টন। ২০৩০ সালের মধ্যে এই সক্ষমতা বাড়িয়ে ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ লক্ষ্যে বিদ্যমান খাদ্যগুদামগুলোর প্রকৃত অবস্থা যাচাইয়ের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পুরোনো ও ব্যবহারের অনুপযোগী গুদাম সরেজমিন পরিদর্শন করে সেগুলো বাতিল এবং প্রয়োজন অনুযায়ী নতুন গুদাম নির্মাণের পরামর্শ দেওয়া হয়।
নতুন গুদাম নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড কাঠামো ব্যবহারের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি খাদ্যশস্যের গুণগত মান বজায় রাখতে গুদামের আর্দ্রতা নিয়ন্ত্রণ, পোকামাকড় দমন, ছত্রাকের ঝুঁকি কমানো এবং মেকানিক্যাল ভেন্টিলেশন ব্যবস্থা স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।