মূল সংবাদে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শ্রমিকরা ক্ষুব্ধ, সাভারে কর্মবিরতি-বন্ধ ২২ কারখানা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
শ্রমিকরা ক্ষুব্ধ, সাভারে কর্মবিরতি-বন্ধ ২২ কারখানা
ছবিঃ নিউজ ফাস্ট

১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণেও শান্ত হয়নি পোশাকশ্রমিকদের ক্ষোভ। নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে সাভারের বিভিন্ন কারখানায় কর্মবিরতি, সড়কে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকেরা। পরিস্থিতি সামাল দিতে ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে আরও ২২টি কারখানা।

বুধবার (২৫ নভেম্বর) সকালে হেমায়েতপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

সকালে হেমায়েতপুরে সড়ক অবরোধের চেষ্টা ঘিরে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একেএইচ গ্রুপের একটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

সকাল সোয়া ৯টার দিকে খুদে বার্তায় আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১’র পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বুধবার শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া ১০টি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন। ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যান্য কারণে বন্ধ রয়েছে আরও দুটি কারখানা।

সকালে হেমায়েতপুরের কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় সকাল সাড়ে ৮টার দিকে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে গেলেও তাদের একাংশ সকাল পৌনে ৯টার দিকে পদ্মার মোড়সহ হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কের কয়েকটি স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরে যেতে বললেও শ্রমিকেরা অবস্থান অব্যাহত রাখেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

এদিকে, উত্তেজনার মধ্যে হেমায়েতপুরে একেএইচ গ্রুপের একটি কারখানার ফটক ও ভেতরে ভাঙচুর করা হয়। এ ঘটনায় চারজনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, সকালে স্ট্যান্ডার্ড ও ব্যাবিলন গ্রুপের কারখানায় ছুটি ঘোষণা করায় শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। পরে তারা জড়ো হওয়ার চেষ্টা করলে প্রথমে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করতে হয়েছে।

তিনি আরও বলেন, একেএইচ গ্রুপের কারখানায় ব্যাবিলনের কিছু লোকজনের মাধ্যমে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তারা বহিরাগত কিংবা দুষ্কৃতকারী হতে পারেন। এ ঘটনায় চারজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাব নিয়ে মতবিরোধ দেখা দেয়। সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির সংশোধিত প্রস্তাব দেয়। দুই পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত মালিকপক্ষ প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে।

পরে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি ভোটাভুটির সিদ্ধান্ত নেন। ছয় সদস্যের ভোটে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে এবং বাকি চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। এতে শেষ পর্যন্ত পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।

তবে মজুরি নির্ধারণের পরও শ্রমিকদের অসন্তোষ অব্যাহত থাকায় সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

খুলনায় এক দিনে ৭ স্থানে গুলি, নগরজুড়ে আতঙ্ক

পরের সংবাদ

বালু ভর্তি নৌকাডুবি, ঘুমন্ত ২ শ্রমিক নিখোঁজ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

রাজনীতি

সব সংবাদ