মূল সংবাদে যান
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় হামলার শঙ্কা, ওয়াশিংটনের সতর্কবার্তা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় হামলার শঙ্কা, ওয়াশিংটনের সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও প্রতিষ্ঠানে সম্ভাব্য হামলার আশঙ্কায় ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে ওয়াশিংটন।

সোমবার (১৯ অক্টোবর) জারি করা এ সতর্কবার্তায় সামরিক উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ ও যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কার কথা জানানো হয়েছে।

ইউরো নিউজের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন দূতাবাসগুলোর সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান ও ইয়েমেনের হুতি গোষ্ঠীকে ঘিরে সামরিক উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতির অবনতি হলে তা মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট এলাকার বাইরেও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় আগাম পরিকল্পনা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, ইরান ও দেশটির সমর্থনপুষ্ট গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারে।

সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে জটিল হিসেবে বর্ণনা করেছে। দূতাবাসের তথ্য অনুযায়ী, ইরান-সমর্থিত হুতিরা অতীতে সৌদি আরবে হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আক্রমণের ঘটনাও রয়েছে। এতে হতাহতের পাশাপাশি যাতায়াতে বড় ধরনের বিঘ্ন ঘটেছে।

কাতারে অবস্থিত মার্কিন দূতাবাসও নাগরিকদের সরকারি সতর্কবার্তা ও স্থানীয় সংবাদমাধ্যমের খবর নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে। রোববার দেওয়া নির্দেশনায় বিক্ষোভ ও বড় জনসমাগম এড়িয়ে চলতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়।

এদিকে নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে বিমান চলাচলেও। কাতার এয়ারওয়েজ সোমবার জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী এবং সেখান থেকে ছেড়ে আসা ফ্লাইট ২৪ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। পাশাপাশি জেদ্দায় প্রতিদিনের ফ্লাইট সাতটি থেকে কমিয়ে চারটি করা হবে।

মধ্যপ্রাচ্যের ১২টি দেশে এ সতর্কতা জারি করা হয়েছে। দেশগুলো হলো—ইসরায়েল, সৌদি আরব, ইরাক, লেবানন, জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ইরান।

আঞ্চলিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের এ সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। তবে সম্ভাব্য হামলার নির্দিষ্ট সময় বা লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার

পরের সংবাদ

হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু হাসিনা আসবেন না: রাশেদ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।