দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রিমান্ড শেষে মাকছুদা আক্তারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন।
আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘শুনানিকালে আসামিকে এজলাসে ওঠানো হয়নি এবং তার পক্ষে আইনজীবীর কোনো আবেদনও ছিল না।’
আটক রাখার আবেদনে বলা হয়, আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মামলা সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে, যা মামলার তদন্তে সহায়ক ভূমিকা পালন করবে। মামলাটির সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামিকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন।
এর আগে, সোমবার (২১ সেপ্টেম্বর) এমপি নজরুলকে চার দিনের ও স্ত্রী মাকছুদার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নজরুল বর্তমানে রিমান্ডে রয়েছেন।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টোদিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।