গত আন্তর্জাতিক বিরতিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর জাতীয় দলের ক্যাম্প ছাড়া নিয়ে কম শোরগোল পড়েনি। এমন হঠকারী সিদ্ধান্তের কারণে তিনি শাস্তিও পেয়েছেন।
তবে চলতি মাসের আন্তর্জাতিক বিরতির আগেই তার নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। মনোমালিন্যের কারণে শেষ পর্যন্ত তিনি জর্জ জেসুসের ডাক পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তার মাঝে পর্তুগাল বড় একটি ধাক্কা খেল।
দ্রাগাও স্টেডিয়ামে নেশনস লিগে নরওয়ের বিপক্ষে পর্তুগালের ২-১ গোলে জয়ের ম্যাচে লাল কার্ড দেখা জুভেন্টাস উইঙ্গার ফ্রান্সিস্কো কনসেইসাও তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।
পর্তুগিজ সংবাদপত্র আ বোলা জানিয়েছে, রেফারির সঙ্গে আপত্তিকর ভাষা ব্যবহার করার কারণে কনসেইসাওকে এই শাস্তি দিয়েছে উয়েফার নিয়ন্ত্রণ, নীতি ও শৃঙ্খলা সংস্থা।
রেফারির সিদ্ধান্তের অসন্তোষ জানিয়ে কম সময়ে দুটি হলুদ কার্ড দেখে ৮৬তম মিনিটে মাঠ ছাড়েন কনসেইসাও। তারপর ড্রেসিংরুমে ফেরার পথে চতুর্থ রেফারির সঙ্গে তর্ক বাধান তিনি। তাকে আটকাতে জাতীয় দলের টেকনিক্যাল স্টাফরা হস্তক্ষেপ করেন।
এই নিষেধাজ্ঞার কারণে ১৪ নভেম্বর ডেনমার্ক ও ১৭ নভেম্বর ওয়েলসের বিপক্ষে পর্তুগালের শেষ দুটি গ্রুপ ম্যাচে খেলতে পারবেন না কনসেইসাও। এখানেই শেষ নয়। আগামী মার্চে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও নিষিদ্ধ থাকবেন তিনি।
শাস্তি কমাতে বা বাতিলের আশায় এখন পর্তুগিজ ফুটবল ফেডারেশন চাইলে আপিল করনতে পারে।