মূল সংবাদে যান
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সম্প্রসারিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সম্প্রসারিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন

ফতুল্লা থানার তিনটি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করে সম্প্রসারিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক)। এব্যাপারে সীমানা সম্প্রসারণের প্রস্তাবনা স্থানীয় সরকার সচিবের কাছে প্রেরণ করেছে জেলা প্রশাসন।

গত ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির স্বাক্ষরিত প্রস্তাবনাতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে। ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ অংশ অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়ে এই প্রস্তাবনা পাঠানো হয়েছে।

প্রস্তাবনায় বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ এবং সংকোচন) বিধিমালা, ২০১৩ অনুযায়ী নাসিকের সীমানা বর্ধিতকরণের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

এর আলোকে গত ২৭ জুলাই ও ১১ আগস্ট গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানির সিদ্ধান্ত অনুযায়ী পরিদর্শন কমিটি গঠন করা হয়।

পরিদর্শন কমিটি সরেজমিনে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে ড্রোন ফুটেজসহ প্রতিবেদন দাখিল করে। গণশুনানি ও পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে বিধিমালার ৩ নম্বর বিধি অনুযায়ী ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ অংশ নাসিকে অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে মত দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের প্রতিবেদনে বলা হয়েছে, জনসংখ্যা, পেশা, শিল্পপ্রতিষ্ঠান, অবকাঠামো এবং জনমত বিবেচনায় এসব এলাকা সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির উপযোগী।

গত ৭ জুলাই সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়ার পর জেলা প্রশাসক গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রস্তাবিত সীমানা নিয়ে সংশ্লিষ্ট বাসিন্দাদের আপত্তি ও পরামর্শ জানানোর আহ্বান জানান।

গণশুনানি ও সরেজমিন পরিদর্শন শেষে জেলা প্রশাসনের সর্বশেষ প্রতিবেদনে ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ অংশ অন্তর্ভুক্তির বিষয়ে মত দেওয়া হয়েছে। এতে আগের প্রস্তাবের কাশীপুর অংশটি বাদ পড়েছে।

জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সিটি করপোরেশনের সম্প্রসারণের বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেন, আমরা আশা করছি ওই তিনটি অঞ্চলের মানুষ নাসিকের সেবা পাবে এবং তাদের চাহিদা মোতাবেক সকল উন্নয়ন কাজে আমরা তাদের পাশে দাঁড়াতে পারব।

উল্লেখ্য ২০১১ সালে শহর, সিদ্ধিরগঞ্জ থানার পুরো অংশ ও বন্দর থানার কিছু অংশ নিয়ে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট ১০৩০

পরের সংবাদ

ঋণ খেলাপি হওয়ায় পদ হারালেন রিহ্যাব সভাপতি আলী আফজাল

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।