মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

যেভাবে খাবার খেতে নিষেধ করেছেন নবীজি (সা.)

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
যেভাবে খাবার খেতে নিষেধ করেছেন নবীজি (সা.)
ছবিঃ সংগৃহীত

খাবার মহান আল্লাহর দেওয়া বিশেষ নেয়ামত। এই নেয়ামত গ্রহণের ক্ষেত্রেও রয়েছে ইসলামের সুনির্দিষ্ট আদব ও শিষ্টাচার। রাসুলুল্লাহ (সা.) নিজে যেভাবে খাবার গ্রহণ করতেন, তেমনি উম্মতকে কিছু আচরণ থেকে বিরত থাকার শিক্ষাও দিয়েছেন।

খাবার খাওয়ার সময় হেলান দিয়ে বসা, উপুড় হয়ে খাওয়া কিংবা অহংকার ও আড়ম্বরপূর্ণ ভঙ্গি পরিহার করার বিষয়ে রয়েছে তাঁর শিক্ষা।

নবীজি (সা.)-এর নিজের খাবার গ্রহণের ধরনেও ফুটে উঠেছে বিনয়, সংযম ও সাধারণ জীবনযাপনের শিক্ষা।

হেলান দিয়ে খাবার খাওয়া

খাবার গ্রহণের সময় হেলান দিয়ে বা টেক লাগিয়ে বসতেন না রাসুলুল্লাহ (সা.)। আবু জুহাইফা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ‘আমি হেলান দিয়ে বসে খাই না।’ (বোখারি: ৫৩৯৮)
যেভাবে খাবার খেতে নিষেধ করেছেন নবীজি (সা.)
দুশ্চিন্তা দূর করার সহজ ৪ আমল

এই হাদিস থেকে বোঝা যায়, খাবার গ্রহণের সময় স্বাভাবিকভাবে বসা নবীজির আদবের অন্তর্ভুক্ত। হেলান দিয়ে বা টেক লাগিয়ে বসে খাওয়া থেকে বিরত থাকা উচিত।

কারণ, এতে অনেক সময় অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণতা তৈরি হতে পারে এবং বিনয়ী ভঙ্গিও বজায় থাকে না। খাবারের ক্ষেত্রে পরিমিতিবোধ ও বিনয় গুরুত্বপূর্ণ। তবে কারও শারীরিক অসুবিধা বা বিশেষ ওজর থাকলে বিষয়টি ভিন্ন।

উপুড় হয়ে খাওয়া

অনেককে উপুড় হয়ে শুয়ে খাবার খেতে দেখা যায়। কিন্তু এভাবে খাবার গ্রহণ করা উচিত নয়। রাসুলুল্লাহ (সা.) এভাবে খেতে নিষেধ করেছেন।

হাদিসে এসেছে, ‘রাসুলুল্লাহ (সা.) কোনো ব্যক্তিকে উপুড় হয়ে থাকা অবস্থায় খাবার খেতে নিষেধ করেছেন।’ (সুনানে ইবনে মাজাহ: ৩৩৭০; সুনানে আবু দাউদ: ৩৭৭৪)

সুতরাং খাবার গ্রহণের সময় উপুড় হয়ে শুয়ে খাওয়া থেকে বিরত থাকা উচিত। নবীজি (সা.)-এর এই নির্দেশনা খাবার গ্রহণের শিষ্টাচার ও শালীনতা রক্ষার শিক্ষা দেয়।

টেবিলে খাওয়া কি নিষেধ?

রাসুলুল্লাহ (সা.)-এর খাবার গ্রহণের বর্ণনায় জমিনে বসে খাওয়ার কথা পাওয়া যায়। তিনি টেবিলে বসে খাবার খেতেন, এমন বর্ণনা পাওয়া যায় না। ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) জমিনের ওপর বসতেন এবং জমিনে বসে খাবার খেতেন।’ (শুআবুল ঈমান, বায়হাকি: ৭৮৪৩; আলমুজামুল কাবীর, তবারানি: ১২৪৯৪; মাজমাউয জাওয়ায়েদ: ১৪২২২)

নিচে বসে খাওয়ার একটি অর্থ হলো, যেখানে বসা হয়েছে, খাবারের পাত্রও সেখানে রাখা। অর্থাৎ পাত্র নিজের বসার জায়গার চেয়ে উঁচু কোনো স্থানে না রেখে সমতল স্থানে রেখে খাওয়া। যেমন কেউ চৌকি বা খাটে বসে খেলে সেই চৌকি বা খাটের ওপরই খাবারের পাত্র রাখলে সেটিও নিচে বসে খাওয়ার অন্তর্ভুক্ত হতে পারে।

টেবিলে খাওয়াকে অনুত্তম বলা হলেও তা নাজায়েজ নয়। কোনো পরিস্থিতিতে টেবিলে খাওয়া ছাড়া উপায় না থাকলে সেখানে খাওয়া যেতে পারে। তবে প্রয়োজন বা ওজর ছাড়া টেবিলে খাওয়াকে অভ্যাসে পরিণত না করে নবীজি (সা.)-এর সাধারণ জীবনযাপন ও বিনয়ের আদব অনুসরণ করাই উত্তম।

বিনয়ী ভঙ্গিতে বসে খাওয়ার শিক্ষা

খাবার গ্রহণের সময় অহংকার ও আড়ম্বর পরিহার করে বিনয়ী ভঙ্গিতে বসতেন রাসুলুল্লাহ (সা.)। কারণ, খাবার আল্লাহ তাআলার দেওয়া বড় নেয়ামত। তিনি রিজিকদাতা, আর মানুষ সেই রিজিকের গ্রহীতা। আল্লাহ আমাদের রব, আর আমরা তাঁর বান্দা। তাই নেয়ামত গ্রহণের সময় বান্দার উচিত বিনয় ও কৃতজ্ঞতা প্রকাশ করা।

নবীজি (সা.) বলতেন, ‘গোলাম যেভাবে খায় আমিও সেভাবে খাব; গোলাম যেভাবে বসে আমিও সেভাবেই বসব।’ (মুসনাদে আবু ইয়ালা: ৪৯২০; মাজমাউজ জাওয়ায়েদ: ১৪২১০; শুআবুল ঈমান, বায়হাকি: ৫৫৭২)

খাবার গ্রহণে নবীজির শিক্ষা

রাসুলুল্লাহ (সা.)-এর খাবার গ্রহণের আদব থেকে বোঝা যায়, একজন মুমিনের খাবার গ্রহণের সময়ও বিনয়, সংযম ও কৃতজ্ঞতা বজায় রাখা উচিত। হেলান দিয়ে বা উপুড় হয়ে খাওয়ার মতো আচরণ থেকে বিরত থাকার পাশাপাশি সাধারণভাবে বসে পরিমিত খাবার গ্রহণ করা তার সুন্নাহর অনুসরণের অংশ।

দৈনন্দিন জীবনের এই সাধারণ কাজেও নবীজি (সা.)-এর শিক্ষা অনুসরণ করলে খাবার গ্রহণের অভ্যাসে শৃঙ্খলা ও শালীনতা বজায় রাখা সম্ভব। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কারা কতদিন পাবেন

পরের সংবাদ

১২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।