যশোর জেলা পুলিশের তিন থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে আরও চার পুলিশ পরিদর্শককে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের এক আদেশে এ রদবদল করা হয়।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেনকে চৌগাছা থানার ওসি, কোর্ট পুলিশ পরিদর্শক মুহাম্মদ শহীদ তিতুমীরকে বেনাপোল পোর্ট থানার ওসি এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জিয়াউর রহমানকে বাঘারপাড়া থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া চৌগাছা থানার ওসি মো. মামুনুর রশিদকে যশোর পুলিশ অফিসের ক্রাইম অ্যান্ড অপস শাখায়, বাঘারপাড়া থানার ওসি নাজমুল হাসানকে যশোর পুলিশ কন্ট্রোল রুমে এবং বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেনকে ক-সার্কেল অফিসে বদলি করা হয়েছে।
অন্যদিকে, যশোর পুলিশ অফিসের ক্রাইম অ্যান্ড অপস শাখায় কর্মরত পরিদর্শক মোছা. রোকসানা খাতুনকে কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ সুপারের আদেশে মোট সাতজন পুলিশ পরিদর্শকের কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে তিনজনকে থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।