২০২৭ সালের হজের বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন আজ থেকে শুরু হয়েছে। এ নিবন্ধন কার্যক্রম চলবে ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য অনুমোদিত হজযাত্রীর কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীর কোটা বৃদ্ধি করেছে। এ বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটায় হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ১৬ থেকে ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। বর্ধিত ও অব্যবহৃত কোটা পূরণ হওয়ার সাথে সাথে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
এছাড়া, প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় তাঁদের প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে।