গণঅধিকার পরিষদ আগামীতে যে কোনো সংকটে জাতিকে পথ দেখাবে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি বলেছেন, ‘গণঅধিকার পরিষদের রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান, প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে গণঅধিকার পরিষদ ও এর নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।’
সোমবার (২৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আল রাজি কমপ্লেক্সে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নুরুল হক নুর বলেন, ‘২০২১ সালে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠার সময় ঘোষিত ২১ দফা কর্মসূচিতে রাষ্ট্র-সংস্কারের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছিল।
এর মধ্যে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা এবং এক ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল।
রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করা এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার এসব দাবি গণঅধিকার পরিষদ শুরু থেকেই তুলে ধরে আসছে।’
তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ হঠাৎ করে কিংবা কোনো কেরামতিতে আজকের রাজনৈতিক অবস্থানে আসেননি। রাজপথের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ, নির্যাতন ও রক্তের বিনিময়ে তাদের এ অবস্থান তৈরি হয়েছে।
জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়েই গণঅধিকার পরিষদ আজকের পর্যায়ে এসেছে। অতীতের মতো ভবিষ্যতেও যে কোনো সংকটে গণঅধিকার পরিষদ জাতিকে পথ দেখাবে।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তির আস্ফালন দেখার জন্য বিগত সময়ে লড়াই-সংগ্রাম করা হয়নি। একটি দল জুলাইয়ের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে বাধা দেয়।
তারা দেশকে এমন অসভ্যতার দিকে নিয়ে যাচ্ছে। নিজেদের স্বাধীনতাবিরোধী তকমা আড়াল করতেই তারা এমন কর্মকাণ্ড করছে। গুপ্ত সংগঠনগুলো দেশের অগ্রগতি চায় না।’
জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই-পরবর্তী রাজনীতিতে গণঅধিকার পরিষদকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এসব চেষ্টা সফল হবে না।’
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা বিলুপ্তির পথ তৈরি হয়।
সেই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের হাত ধরেই ২০২১ সালে গণঅধিকার পরিষদের জন্ম।’