জুলাইয়ে ব্যাট হাতে দারুণ সময় কেটেছে তানজিদ হাসান তামিমের। একই সময়ে ব্যাট-বল হাতে আলো ছড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস।
ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে ঝড় তুলেছেন হ্যারি ব্রুকও। তিনজনের পারফরম্যান্সই এবার জায়গা করে নিয়েছে আইসিসির মাসসেরা ক্রিকেটারের সেরার লড়াইয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের দুই সিরিজে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার ছিলেন তামিম। জুলাইয়ে দুই সংস্করণ মিলিয়ে তিনিই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।
ওয়ানডে সিরিজেও তিন ম্যাচে ১৫৯ রান করেন তামিম। ব্যাটিং গড় ৫৩, স্ট্রাইক রেট ৮৯.৮৩। টি-টোয়েন্টি সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রাখেন বাঁহাতি এই ওপেনার। পাঁচ ম্যাচে করেন ১৪০ রান, গড় ৭০ এবং স্ট্রাইক রেট ১২৭.২৭।
তামিমের সঙ্গে লড়াইয়ে আছেন গ্রিভসও। জুলাইয়ে ব্যাট ও বল দুই বিভাগেই দারুণ সময় কেটেছে ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারের।
সেরার দৌড়ে আছেন ইংল্যান্ডের ব্রুকও। ভারতের বিপক্ষে সাদা বলের দুই সিরিজে ইংল্যান্ডের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।