মূল সংবাদে যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশি নিহত

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
কারখানায় আগুন জ্বলছে।
কারখানায় আগুন জ্বলছে

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস।

নিহতদের মধ্যে ১১ জনের বাড়ি উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁর আত্রাই উপজেলায় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। তবে প্রবাসী কল্যান মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে ১৩ জন আত্রাইয়ের রয়েছেন।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


রিয়াদের শিফা থানা এলাকার মুসা সানাইয়া শিল্প এলাকায় ওই সোফা তৈরির কারখানাটি বাংলাদেশী কর্মীরাই পরিচালনা করে আসছিলেন। রোববার স্থানীয় সময় বেলা দুইটার দিকে আগুন লাগে এবং এর পরপরই সেখানকার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

ওই দুর্ঘটনায় নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

বাংলাদেশ দূতাবাসের লেবার উইং জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে মোট ১৬টি মৃতদেহ উদ্ধার করেছে এবং সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টায় উদ্ধার অভিযান শেষ হয়েছে।

জানা গেছে, ওই কারখানায় মোট ১৭ জন বাংলাদেশী কর্মী কাজ করতেন। এর মধ্যে হাবিবুর রহমান হাবিব নামে একজন মাত্র ব্যক্তি ঘটনার সময় বাইরে থাকায় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন।

মি. রহমানকে উদ্ধৃত করে দূতাবাসের লেবার উইং প্রবাসী কল্যান মন্ত্রণালয়কে জানিয়েছে, "একজন জীবিত কর্মী হাবিবুর রহমান জানিয়েছেন দুপুর দেড়টার দিকে তিনি চুল কাটার জন্য সেলুনে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন কারখানায় আগুন জ্বলছে। ফলে ১৭ জন কর্মীর মধ্যে বাকী ১৬ জনই মারা গেছেন," ।

মি. রহমান পরে একই কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তারা নিজেরাই ওই কারখানাটির মালিক ও শ্রমিক ছিলেন, অর্থাৎ আসবাব বানিয়ে নিজেরাই বিক্রি করতেন।

স্থানীয় ফায়ার সার্ভিস সূত্র দূতাবাসকে জানিয়েছে, নিহতদের মধ্যে আটজন সরাসরি আগুনে পুড়ে মারা গেছেন। বাকীরা কালো ধোঁয়ায় নিশ্বাস বন্ধ হয়ে মারা যান।

যে ১৬ জন মারা গেছেন তারা হলেন - ফরিদ, শুভ, মোঃ রুবেল প্রামাণিক, সুমন, মোঃ কলিম উদ্দিন, মোঃ মোহন, মোঃ সুমন, মিনহাজ, হৃদয়, শাহিন, আব্দুল জলিল, মজিদুল, সাগর, শামিম, সাব্বির ও শ্যামল।

এর মধ্যে সাব্বির ও শামিম নাটোরের নলডাঙ্গা উপজেলার, আর শ্যামল রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

আইসিসির মাসসেরার তালিকায় তামিম

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।