বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এ ঘটনায় ঘটে।
মৃত মং প্রু মারমা (৪০) ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়ার মৃত খিয়াং চি মারমার ছেলে এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা পূর্ব পাড়ার মোহাম্মদ সাদেকের ছেলে মোহাম্মদ সজিব (১১)।
মং প্রু মারমা নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন এবং শিশু সজিব স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যবর্তী সময়ে মং প্রু মারমা হেডম্যান পাড়াতে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, একই সময়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে শিশু মোহাম্মদ সজিব গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকস্মিক দুটি মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে সকলকে আরও অধিক সতর্ক ও নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পুলিশ তদন্ত শেষে দ্রুত মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করবে।