নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সাবেক নেতা ও তার বাবাকে আসামি করা হয়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে তোলপাড় শুরু হয়েছে।
অভিযোগ উঠেছে, দুই বলয়ের বিরোধের জেরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানকে ছাত্রলীগ ও তার বাবা আলতাফ সরদারকে আওয়ামী লীগ নেতা দেখিয়ে ওই মামলায় ৫ ও ৬ নাম্বার আসামি করা হয়েছে। তাদের বাড়ি ফতুল্লার রামারবাগ এলাকায়।
জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফতুল্লার লালঁখা এলাকায় অবস্থিত কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় শনিবার (২১ নভেম্বর) রাতে ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফারুক মাতবর বাদী হয়ে ৬৮ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলায় ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মেহেদী হাসান বলেন, ২০২২ সালের নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির কমিটির সহসাংগঠনিক সম্পাদক পদে ছিলাম। আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। মূলত মামলার বাদী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমাদের দূর সম্পর্কের আত্মীয়।
তিনি বিএনপির এক বলয়ের রাজনীতি করে, আমরা আরেক বলয়ের রাজনীতি করি। এই কারণেই আমাদের নামে মামলা দিয়ে হয়রানি করছেন।
তিনি বলেন, মামলার বাদী ফারুক মাতবরের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, এটা ওপর থেকে আসছে। আমি শুধু বাদী হিসেবে সাইন করছি।
মামলার বাদী ফারুক মাতবর বলেন, এটা সাংগঠনিক ব্যাপার। কোন খানে কার নাম দিছে ওইটা তো বুঝা যায় না। মিসটেকও হইতে পারে দুই একটা। যারা মামলা দিয়েছে তারা হয়তো জানে না ছেলেটা বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট।
এ বিষয়ে ফতুল্লা থানার ওসি মাহবুব আলম জানান, মামলায় ছাত্রদলের কেউ আছে কি না, এটা বাদী বলতে পারবেন। আমরা তো কারো দলীয় পরিচয় দেখি না। আমরা বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করেছি। পরবর্তীতে তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।