মূল সংবাদে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজিবির পাশাপাশি স্থানীয়দেরও সীমান্ত পাহারা দেওয়ার অনুরোধ রাশেদ খাঁনের

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
বিজিবির পাশাপাশি স্থানীয়দেরও সীমান্ত পাহারা দেওয়ার অনুরোধ রাশেদ খাঁনের
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে নাগরিকত্ব বাতিল হওয়া ভারতীয় নাগরিকদের পুশ-ইন করার অপচেষ্টা রুখে দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকেও সীমান্ত পাহারা দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, ‘বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী অপরাধীদের চাঙ্গা করতে “শেখ হাসিনার ফেরানোর পথ খুঁজতে পশ্চিমবঙ্গের পেট্রাপল সীমান্তে নানক-নাছিমের বৈঠক” শীর্ষক সংবাদ ভারতীয় মিডিয়ার বরাতে প্রচারের উদ্যোগ নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ।

আন্তর্জাতিক আইন অনুযায়ী একজন পলাতক আসামিকে ফেরাতে আরেকটি পলাতক গ্রুপের বৈঠক করার নজির নেই। ভারত আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।’

শেখ হাসিনাকে ফেরত আনার আইনি প্রক্রিয়ার বিষয়ে তিনি উল্লেখ করেন, ‘শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত নিতে সরকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে গণহত্যার দায়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তবে ভারত তার এমন সেবাদাসকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত পাঠাবে কি না, সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।’

দেশবিরোধী চক্রান্ত ও সীমান্তে পুশ-ইন প্রসঙ্গে দেশবাসীকে সতর্ক করে পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘কিন্তু বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য অনেক আন্তর্জাতিক চক্রান্ত আছে, সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে।

বিশেষ করে একটি অস্থিরতা সৃষ্টি করে নাগরিকত্ব বাতিল হওয়া ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করার একটি অপচেষ্টা আছে। ভারতীয় নাগরিকত্ব বাতিল হওয়া ব্যক্তিদের পুশ ইন করার সেই অপচেষ্টা অতীতের ন্যায় রুখে দেওয়ার জন্য বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষকে সীমান্ত পাহারা দেওয়ার অনুরোধ করছি।’ 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

হাসিনার গন্তব্য বাংলাদেশ নয়, ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।