ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির পায়ের সামান্য ক্ষতও বড় ধরনের জটিলতার কারণ হতে পারে। সময়মতো চিকিৎসা না করালে সেই ক্ষত থেকে সংক্রমণ ছড়িয়ে তৈরি হতে পারে ঘা, এমনকি গ্যাংগ্রিনও। গুরুতর পরিস্থিতিতে পায়ের আঙুল বা কোনো অংশ কেটে বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি পায়ের যত্ন নেওয়া এবং ছোটখাটো ক্ষতকেও গুরুত্ব দেওয়া জরুরি।
এর বাস্তব উদাহরণ সুলতানা বিবি। ২০২২ সালে পায়ে পেরেক ফোটার পর তার ডায়াবেটিস ধরা পড়ে। ক্ষত থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ায় পায়ের তলায় অস্ত্রোপচার করতে হয়। পরে পায়ের দুটি আঙুল কালো হয়ে যায়। ব্যান্ডেজ করার সময় আঙুল দুটি নিজে থেকেই খসে পড়ে।
সুলতানা বিবি জানান, পেরেক ফোটার পর ব্যথার কারণে তিনি হাঁটতে পারতেন না। চিকিৎসকের দেওয়া ওষুধ প্রায় ১৫ দিন খেয়েও অবস্থার উন্নতি হয়নি। বরং পা থেকে রক্ত ও পুঁজ বের হতে থাকে। পরে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করাতে হয়।
বিশ্বজুড়ে প্রতিবছর ডায়াবেটিসে আক্রান্ত বহু মানুষ এ ধরনের পায়ের জটিলতায় ভোগেন। চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যাকে বলা হয় ‘ডায়াবেটিক ফুট ডিজিজ’। অবহেলা করলে সংক্রমণ বাড়তে বাড়তে গ্যাংগ্রিনের মতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে।
ডায়াবেটিসে পায়ে কীভাবে ঘা ও গ্যাংগ্রিন হয়?
কলকাতার পুনর্গঠনমূলক শল্যচিকিৎসক ডা. অনুপম গোলাসের ভাষ্য, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি, বিশেষ করে যাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে না, তাদের পায়ে নানা সমস্যা দেখা দিতে পারে। অনিয়মিত ওষুধ সেবন ও যথাযথ চিকিৎসার অভাবেও ঝুঁকি বাড়ে।
তার মতে, ডায়াবেটিসের কারণে পায়ের রক্ত চলাচল কমে যেতে পারে এবং স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। ফলে পায়ে অনুভূতি কমে যায়। এ অবস্থায় আঘাত লাগলেও অনেক সময় আক্রান্ত ব্যক্তি তা বুঝতে পারেন না।
যারা পায়ের পরিচ্ছন্নতা বজায় রাখেন না বা খালি পায়ে হাঁটেন, তাদের পায়ে প্রথমে শক্ত চামড়া বা কড়ার মতো তৈরি হতে পারে। পরে ওই অংশের নিচে সংক্রমণ হয়ে ঘা দেখা দেয়। সময়মতো চিকিৎসা না হলে ক্ষত ও সংক্রমণ বাড়তে বাড়তে গ্যাংগ্রিনে রূপ নিতে পারে।
ডা. গোলাসের মতে, পায়ের ত্বক অস্বাভাবিক শক্ত হয়ে যাওয়া, কোনো স্থান থেকে তরল বা পুঁজ বের হওয়া, ব্যথা কিংবা আঙুলের রং বদলে যাওয়া— এসবই সমস্যার সতর্কসংকেত। এমন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
কখন পা বা আঙুল কেটে বাদ দিতে হয়?
বিশেষজ্ঞদের মতে, সাধারণত দুটি পরিস্থিতিতে পায়ের কোনো অংশ কেটে বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে।
প্রথমত, পায়ে রক্ত চলাচল অত্যন্ত কমে গেলে ড্রাই গ্যাংগ্রিন তৈরি হতে পারে। এতে আক্রান্ত অংশ শুকিয়ে কালো হয়ে যায় এবং অনুভূতিহীন হয়ে পড়ে।
দ্বিতীয়ত, পায়ের ক্ষত বা সংক্রমণ গুরুতর পর্যায়ে পৌঁছালে সেখানে পুঁজ জমতে পারে এবং টিস্যু পচতে শুরু করতে পারে। সংক্রমণ শরীরের ওপরের দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে আক্রান্ত আঙুল বা পায়ের অংশ অস্ত্রোপচারের মাধ্যমে বাদ দিতে হতে পারে। পাশাপাশি পুঁজ বের করে দেওয়া এবং অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
ডা. গোলাস সতর্ক করে বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পায়ের অনুভূতি কমে যাওয়ায় গরম মেঝে বা রাস্তায় খালি পায়ে হাঁটলেও অনেক সময় পোড়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন না। পরে সেই ক্ষত থেকে সংক্রমণ ও ঘা তৈরি হতে পারে।
ডায়াবেটিক ফুট প্রতিরোধে করণীয়
ডায়াবেটিসের কারণে পায়ের জটিলতা এড়াতে নিয়মিত যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কয়েকটি অভ্যাস ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।
১. পা পরিষ্কার রাখুন: প্রতিদিন পা ভালোভাবে পরিষ্কার করতে হবে। বিশেষ করে আঙুলের ফাঁক ও পায়ের তলার দিকে নজর দিতে হবে।
২. ত্বক আর্দ্র রাখুন: পায়ের ত্বক শুষ্ক হয়ে ফেটে গেলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ময়েশ্চারাইজার বা উপযুক্ত ক্রিম ব্যবহার করা যেতে পারে।
৩. ক্ষত অবহেলা করবেন না: পায়ে কাটা, ফোসকা, ঘা, পুঁজ বা রং পরিবর্তনের মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।
৪. রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখুন: নিয়মিত ওষুধ সেবন, চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি।
৫. খালি পায়ে হাঁটবেন না: বাড়ির ভেতরেও আরামদায়ক জুতো বা চটি ব্যবহার করতে হবে। বাইরে বের হলে পা সুরক্ষিত থাকে এমন উপযুক্ত জুতো পরতে হবে।
৬. বিশেষ জুতো ব্যবহার করুন: যাদের পায়ের গঠন পরিবর্তিত হয়েছে, নির্দিষ্ট স্থানে বারবার চাপ পড়ে বা ঘা তৈরি হয়, তারা চিকিৎসকের পরামর্শে বিশেষ ধরনের ‘অফলোডিং’ জুতো ব্যবহার করতে পারেন। এসব জুতো পায়ের নির্দিষ্ট অংশের ওপর চাপ কমাতে সহায়তা করে।
ডায়াবেটিসে জুতো নির্বাচনে সতর্কতা
ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য জুতো নির্বাচনও গুরুত্বপূর্ণ। আঁটসাঁট জুতো কিংবা ভেতরের শক্ত সেলাইয়ের ঘর্ষণে পায়ে ক্ষত তৈরি হতে পারে। সেখান থেকে সংক্রমণের ঝুঁকি বাড়ে।
ডায়াবেটিক ফুটের জুতো তৈরির বিশেষজ্ঞ অনিরুদ্ধ চৌধুরীর মতে, জুতো পায়ের মাপ অনুযায়ী হওয়া উচিত। এর ভেতরের আস্তরণ নরম এবং পর্যাপ্ত কুশনযুক্ত হলে হাঁটার সময় পায়ের ওপর চাপ কম পড়ে।
তিনি জানান, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জুতো সামনের দিকে চওড়া ও উঁচু হওয়া প্রয়োজন, যাতে আঙুলগুলো স্বাভাবিকভাবে নড়াচড়া করার জায়গা পায়। পাশাপাশি জুতোর সোল হালকা ও পিছলে যায় না— এমন হওয়া উচিত। ঘর্ষণ এড়াতে জুতোর ভেতরে সেলাই না থাকাও ভালো।
যাদের পায়ে আগে থেকেই ঘা বা অন্য সমস্যা রয়েছে, তাদের জন্য আরও বিশেষ ধরনের জুতো প্রয়োজন হতে পারে। এমন জুতোয় পর্যাপ্ত জায়গা, নরম আস্তরণ, ভালো কুশনিং এবং চাপ কমানোর বিশেষ ইনসোল থাকা জরুরি। পা ফুলে গেলে, ব্যান্ডেজ থাকলে কিংবা পায়ের গঠন পরিবর্তিত হলেও যেন জুতোর ভেতরে পর্যাপ্ত জায়গা থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে।