নোয়াখালীর সোনাইমুড়ী আমিশাপাড়া মধ্যবাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এক ব্যবসায়ীকে মারধর করে অস্ত্রের মুখে নগদ, স্বর্ণালংকার, ডলারসহ প্রায় ৩০ লাখ টাকার মালপত্র লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে ডাকাত দলের বিরুদ্ধে।
বাজারের স্থানীয় ব্যবসায়ীরা জানান, রোববার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে ডাকাত দল সুবহা স্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ী ইকবাল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে মারধর করে অস্ত্রের মুখে নগদ, ডলার, স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়। হামলার ঘটনায় ব্যবসায়ী সুমন গুরুতর আহত হয়েছেন।
ভুক্তভোগী ইকবাল হোসেন সুমন জানান, তিনি দুপুরে তার নিজ প্রতিষ্ঠান সুবহা স্টোরে বসেছিলেন। এ সময় ৫টি মোটরসাইকেল এসে তার দোকানের সামনে দাঁড়ায়, তাৎক্ষণিক তিনি কিছু বুঝে ওঠার আগেই ১৪ থেকে ১৫ জন মুখোশধারী ডাকাত দল তার দোকানে ঢুকে পড়ে। তাদের হাতে থাকা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে নগদ, ডলার ও স্ত্রীর বন্ধক থেকে ছাড়ানো স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।
এ সময় তিনি বাধা দিলে ডাকাত দলের সদস্যরা তাদের হাতা থাকা দেশীয় অস্ত্র দিয়ে সুমনকে মারধর করে তাকে ফেলে রেখে যায়। লোকজন আসার আগে ডাকাত দল বাজার থেকে সটকে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
আমিশাপাড়া ব্যবসায়ী সমিতির সহসভাপতি ফিরোজ আলম ভুট্টো বলেন, সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমরা ব্যবসায়ীরা যদি নিরাপত্তার সঙ্গে ব্যবসা করতে না পারি, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে যেতে হবে। অন্যথায় ব্যবসাপ্রতিষ্ঠানসহ আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যবস্থা করুন।
যেন আমরা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারি। আমরা চাই না আর কোনো ব্যবসায়ী দিনদুপুরে ডাকাতদের হামলার শিকার হোক। ব্যবসায়ী সুমনের প্রতিষ্ঠান থেকে লুট হওয়া টাকাসহ অন্যান্য মালপত্র উদ্ধারসহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
ওই ঘটনায় বর্তমানে আমিশাপাড়া বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে দিনদুপুরে এ ধরনের হামলা ও লুটপাটের ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন বলেন, আমি ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি টহল টিম পাঠিয়েছি। এ ব্যাপারে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।