কিশোরগঞ্জের এলাকাবাসীর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট খেলার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমন।
খেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম। কিন্তু, সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগ নেতা হুমায়ুন আহমেদ।
জানা গেছে, এলাকাবাসীর উদ্যোগে ক্রিকেট খেলার আয়োজন ইউনিয়ন বিএনপির সভাপতিকে অনুষ্ঠানে সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদককে প্রধান অতিথি করা হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। যেখানে বিএনপি নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হুমায়ুন আহমেদ।
ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সাবেক ছাত্রলীগের এ নেতা। এছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলার ছাত্রলীগ নেতা আল আমিনও সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন বলেন, হুমায়ুন আহমেদ কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটিতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি যুবলীগের নেতা হিসেবে পরিচিতি।
রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, আমি সভাপতি হিসেবে উপস্থিত ছিলাম। প্রধান অতিথি ছিলেন জহিরুল ইসলাম সুমন। অতিথি সবাইকে আমি চিনি না।
খেলায় ছাত্রলীগ নেতার উপস্থিতি জানতে চাওয়া হলে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমন বলেন, এলাকাবাসী খেলার আয়োজন করেছে। আমরা অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কেউ ছিল না। সবাই বিএনপির নেতা ছিল।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, বিএনপির হাইকমান্ডের কড়া বার্তা থাকা সত্ত্বেও তারা সেটা অবজ্ঞা করে আওয়ামী দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছে। ফলে বিগত সময়ে বিএনপির যারা আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।