কিশোরগঞ্জ সদর উপজেলায় স্থানীয় দুই বিএনপি নেতার সঙ্গে একই মঞ্চে দেখা গেছে ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহ মাসুদকে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ উদ্দিন মিয়ার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ছবি ও ভিডিওতে তাঁদের একই মঞ্চে দেখা যায়।
একটি 'বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মাসিক মিটিং ও আলোচনা সভা' শিরোনামে এসব ছবি ও ভিডিও প্রকাশ করা হয়।
এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মেম্বার এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ উদ্দিন মিয়া।
এদিকে, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন সভা-সমাবেশে বিএনপির ওই দুই নেতার উপস্থিতি ও তাঁদের যোগাযোগ নিয়ে অভিযোগ তুলেছেন স্থানীয় কয়েকজন নেতাকর্মী।
নাম প্রকাশ না করার শর্তে তাঁরা দাবি করেন, এর আগেও ওই দুই নেতাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে।
তাঁদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
উল্লেখ্য, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন-সংশ্লিষ্ট হত্যা মামলার আসামির তালিকায় শাহ মাসুদের নাম থাকার দাবি উঠলেও, সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছে। গত স্হানীয় নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শাহ মাসুদ।