মূল সংবাদে যান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চাকরি গেলেই ছাড়তে হবে যুক্তরাষ্ট্র, মার্কিন কর্মী ভিসায় আসছে নতুন নিয়ম

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
চাকরি গেলেই ছাড়তে হবে যুক্তরাষ্ট্র, মার্কিন কর্মী ভিসায় আসছে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রে ওয়ার্ক ভিসায় (কর্মী ভিসা) বৈধভাবে অবস্থানকারী কোনো অভিবাসী চাকরি হারালে বা চাকরি ছেড়ে দিলে তাকে অবিলম্বে দেশ ত্যাগ করতে হবে এমন একটি কঠোর নিয়মের প্রস্তাব করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

প্রস্তাবিত এই নিয়ম কার্যকর হলে বিদেশি কর্মীদের চাকরি হারানোর পর দেশটিতে থাকার প্রচলিত ৬০ দিনের অতিরিক্ত সময় (গ্রেস পিরিয়ড) পুরোপুরি বাতিল হয়ে যাবে। ফলে কর্মসংস্থান বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই অভিবাসীদের বৈধ অবস্থানের মর্যাদাও বাতিল হবে।

বর্তমানে ওয়ার্ক ভিসাধারীরা কোনো কারণে চাকরিচ্যুত হলে বা ইস্তফা দিলে নতুন কর্মসংস্থান খোঁজা কিংবা ফিরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ পান।

নতুন নীতিমালার প্রস্তাবে উল্লেখ করেছে, 'এই প্রস্তাবের মাধ্যমে অভিবাসীর বৈধ অবস্থান এবং যে চাকরি বা কাজের ভিত্তিতে তাকে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হয়েছে, সেই সম্পর্ক আবারও স্পষ্ট করা হচ্ছে।'

প্রস্তাবিত এই সিদ্ধান্তের প্রভাব পড়বে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে কাজ করতে যাওয়া বহু অভিবাসীর ওপর। বিশেষ করে এইচ-১বি ভিসাধারী দক্ষ পেশাজীবীদের জন্য এটি বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করবে।

মূলত মার্কিন নাগরিকদের জন্য কর্মসংস্থানের পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যেই ট্রাম্প প্রশাসন বিদেশি কর্মীদের সংখ্যা কমানোর এ উদ্যোগ নিচ্ছে।

এর আগে অভিবাসী কর্মীদের সুবিধার্থে ২০১৭ সালে এই ৬০ দিনের গ্রেস পিরিয়ড চালু করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল, আকস্মিক চাকরি হারানোর পর সংশ্লিষ্ট কর্মী যেন নতুন কোনো কাজ খুঁজতে পারেন কিংবা যুক্তরাষ্ট্র ত্যাগের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা গুছিয়ে নিতে পারেন।

প্রস্তাবিত এই পরিবর্তন বাস্তবায়ন হলে বিভিন্ন ক্যাটাগরির ভিসাধারীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এর মধ্যে রয়েছে অত্যন্ত জনপ্রিয় এইচ-১বি ভিসা, যার ওপর ভিত্তি করে ভারত ও চীনের বিপুলসংখ্যক পেশাজীবী যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান পেয়ে থাকেন।

এ ছাড়া টিএন ক্যাটাগরির ভিসাধারীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় চালু হওয়া এই ভিসার মাধ্যমে মেক্সিকো ও কানাডার যোগ্য পেশাজীবীরা যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি পেয়ে থাকেন।

তবে অবিলম্বে কার্যকর না করে জনসাধারণের মতামতের জন্য প্রস্তাবটি দুই মাস উন্মুক্ত রাখা হবে। এ প্রক্রিয়ার পর চূড়ান্তভাবে এটি আইনে পরিণত হতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ব্রিকস সম্মেলনে সবার নজর কাড়ছে চীনা প্রেসিডেন্টের সুসজ্জিত ‘লিমোজ...

পরের সংবাদ

স্রোতে তলিয়ে যাচ্ছিল পাঁচজন, ঝাঁপ দিয়ে দুজনকে উদ্ধার করে মারা গেল...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।