জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে জনগণ তার উপযুক্ত জবাব দেবে। দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে থাকবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, আওয়ামী লীগ শাসনের নামে ১৭ বছর বাংলাদেশকে শোষণ করেছে। এখন পাশের দেশে বসে দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করতে গোপন ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
বিরোধী দল যেকোনো ছোটখাটো বিষয় নিয়ে আন্দোলন শুরু করলে আওয়ামী লীগ সেই সুযোগ কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
দুলু বলেন, জনগণ বিএনপিকে পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে। বিএনপি সরকার পাঁচ বছর দেশ পরিচালনা করবে। পাঁচ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে।
সরকার ভালো কাজ করলে জনগণ বিএনপিকে আবার ভোট দেবে, আর খারাপ করলে অন্যদের ভোট দেবে। তাই অযথা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগকে দেশ অস্থিতিশীল করার সুযোগ না দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি ও দেশের মানুষের ভদ্রতা ও নীরবতাকে পলাতক শেখ হাসিনা এবং তাঁর দলের নেতাকর্মীরা দুর্বলতা মনে করছেন। ‘আসবে, আসবে’ বলে তাঁরা ভীতি সৃষ্টির চেষ্টা করছেন।
তবে দেশের মানুষ আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের ভয় পায় না। আগামী দিনে কোনো বাড়াবাড়ি করলে উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন জহির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন এবং জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিমসহ স্থানীয় নেতারা।