‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার প্রাথমিক বাছাই কার্যক্রম। জেলার ১০টি ইভেন্টে অংশগ্রহণের জন্য নিবন্ধন করা ১২ হাজার ৮০০ শিক্ষার্থী এ বাছাই কার্যক্রমে অংশ নিচ্ছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলার ৫২টি ইউনিয়ন ও সাতটি পৌরসভা পর্যায়ে ৫৯টি এবং নাটোর পৌরসভা এলাকায় আরও চারটিসহ মোট ৬৩টি ভেন্যুতে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২ নভেম্বর পর্যন্ত বাছাই কার্যক্রম চলবে।
নাটোর পৌরসভা এলাকায় উপজেলা মিনি স্টেডিয়াম, নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠ, মহারাজা জগদিন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠ ও কাচারি মাঠে প্রতিযোগীদের বাছাই কার্যক্রম শুরু হয়েছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বাছাইয়ে অংশ নেওয়া ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে ৮ হাজার ৬৯৪ জন বালক এবং ৪ হাজার ১০৬ জন বালিকা রয়েছে।
প্রতিযোগিতার ১০টি ইভেন্টের মধ্যে দলগত ইভেন্ট হিসেবে রয়েছে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও কাবাডি। দ্বৈত ও একক ইভেন্টে থাকছে ব্যাডমিন্টন ও টেবিল টেনিস। এ ছাড়া একক ইভেন্ট হিসেবে দাবা, অ্যাথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্ট অন্তর্ভুক্ত রয়েছে।
জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতিযোগী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ২ নভেম্বর পর্যন্ত বাছাই কার্যক্রম চলবে। এরপর ৫ নভেম্বর থেকে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হবে।
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করা এবং কিশোর-কিশোরীদের খেলাধুলায় আগ্রহী করে তোলার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।