দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের প্রচেষ্টায় দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি প্রথমবারের মতো হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ট্রেনের যাত্রী, চালক ও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয়রা। নতুন এ স্টপেজ চালু হওয়াকে কেন্দ্র করে স্টেশনজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, হিলিবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ঢাকাগামী নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি। অবশেষে সেই দাবি পূরণ হয়েছে। এ জন্য সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ট্রেন দুটির স্টপেজ চালু হওয়ায় হিলি ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, হিলি একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও ব্যবসায়িক এলাকা। এখান থেকে প্রতিদিন ব্যবসায়ী, শিক্ষার্থী ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকায় যাতায়াত করেন। এতদিন সরাসরি ট্রেনের যাত্রাবিরতি না থাকায় তাদের ভোগান্তি পোহাতে হতো। নতুন এ উদ্যোগে সেই দুর্ভোগ অনেকটাই কমবে।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলাম মণ্ডল বলেন, ট্রেন দুটির যাত্রাবিরতি শুধু যাত্রীদের যাতায়াত সহজ করবে না, হিলি স্থল বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি রেলস্টেশনের যাত্রীসেবার মান আরও উন্নত করার দাবি জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ট্রেন দুটির যাত্রাবিরতির দাবিতে বিভিন্নভাবে আবেদন ও দাবি জানিয়ে আসছিলেন তারা। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় এখন থেকে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য প্রয়োজনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত আরও সহজ হবে। এতে সময় ও ভোগান্তি কমবে বলে আশা করছেন তারা।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলাম মণ্ডলসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।