২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-এর সদস্যরা ভারতের সীমান্তবর্তী সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছেন।
রোববার (১৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সুনামগঞ্জের চাঁনপুর, লাউরগড়, বালিয়াঘাটা ও প্যাকপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়।
সুনামগঞ্জের সঙ্গে ভারতের প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ সীমান্ত এলাকার নিরাপত্তা ও নিয়ন্ত্রণে সুনামগঞ্জের ১৯টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।