সীমান্ত এলাকা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়ন। পাশাপাশি অবৈধ অস্ত্রের প্রবেশ প্রতিরোধ এবং পলাতক আসামিদের সীমান্ত পারাপার ঠেকাতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি অতিরিক্ত ৩০টি চেকপোস্ট বসানো হয়েছে।
নজরদারি জোরদার করতে টহলদল দিন-রাত যেকোনো সময় অবৈধ অনুপ্রবেশ শনাক্তে নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার, সার্চলাইট, নাইট ভিশন গগলস, ড্রোন, সিসি ক্যামেরা, নাইট ভিশন বাইনোকুলার ও ফ্ল্যাশলাইটসহ বিভিন্ন আধুনিক ডিজিটাল নজরদারি সরঞ্জাম ব্যবহার করছে।
রোববার বিকেলে ৪৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘নানা অপকৌশলে’ আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। পালানোর পর তাঁদের বেশিরভাগই কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। কলকাতা ও পশ্চিমবঙ্গের সঙ্গে যশোর ও সাতক্ষীরার সীমান্ত থাকায় এসব এলাকা দিয়ে দলটির নেতাকর্মীরা অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে ৪৯ ব্যাটালিয়নের আওতাধীন সব সীমান্তে পলাতক আসামি ও অপরাধীদের গতিবিধি এবং তাঁদের সহায়তাকারী দালাল চক্রের তৎপরতা রুখতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তসংলগ্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ড্রোন দিয়েও নজরদারি করা হচ্ছে। এ ছাড়া স্থানীয় জনগণের সম্পৃক্ততায় সীমান্তে দিন-রাত টহল আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
অবৈধ অস্ত্রের প্রবেশ, পলাতক ও ফেরারি আসামিদের অবৈধ সীমান্ত পারাপার এবং তাঁদের ইন্ধনে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপতৎপরতা নস্যাৎ করতে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। এ ক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন পর্যন্ত সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, আগামীতেও দেওয়া হবে না। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ রোধে সীমান্তে ‘নিরাপত্তা শিল্ড’ গড়ে তোলা হয়েছে।
এ সময় যশোর ৪৯ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, চোরাচালান ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব প্রতিরোধে তাঁদের মতামত ও পরামর্শ দেন।