মূল সংবাদে যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

যুবককে হত্যার ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
যুবককে হত্যার ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. রনি (৪১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার প্রায় ৩০ মিনিট পর হত্যাকারী নিজেই ঘটনাস্থলে এসে হত্যার দায় স্বীকার করেন। পরে স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

রোববার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে নাসিকের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রনি ওই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আলী হোসেনের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন। অভিযুক্ত হত্যাকারীর নাম আল আমিন। তিনি একই এলাকার আব্দুল আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার ভোর ৬টার দিকে আল আমিন ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ির সামনে অবস্থান করছিলেন। পরে মাইক্রোবাসচালক রনি ওই পথ দিয়ে যাওয়ার সময় তার ওপর হামলা করেন আল আমিন। একপর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে রনিকে একাধিকবার আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, হত্যার পর চলে যাওয়ার প্রায় ৩০ মিনিট পরে হত্যাকারী নিজেই আবার ঘটনাস্থলে আসেন। জনতার উপস্থিতিতে তিনি স্বীকার করেন যে তিনিই হত্যা করেছেন।

এরপর লোকজন তাকে গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন। মূলত তাকে দেখে প্রচণ্ড নেশাগ্রস্ত মনে হয়েছে। শুনেছি, কয়েক দিন ধরে নিহত ব্যক্তির সঙ্গে হত্যাকারীর দ্বন্দ্ব চলছিল।

এ বিষয়ে লাশ উদ্ধারকারী সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওলিউল্লাহ জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং হত্যাকারীকে থানায় আটক রাখা হয়েছে। ঘাতক স্বীকারোক্তি দিয়েছেন। হত্যায় ব্যবহৃত ছুরি কোথায় ফেলেছেন, সে তথ্যও পাওয়া গেছে। ছুরি উদ্ধারে পুলিশ যাচ্ছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, হত্যাকারী নিজেই হত্যার কথা স্বীকার করেছেন। তার ভাষ্য, রাস্তায় চলার পথে রনি কোনো এক নারীর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন।

এর প্রতিবাদ করায় রনি তাকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করেছেন। প্রাথমিকভাবে তার আচরণে মনে হচ্ছে, তিনি সুস্থ নন। উলটাপালটা কথা বলছেন।
 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

১৩ পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করেছে পুলিশ

পরের সংবাদ

নামাজে শব্দ করে কাঁদলে নামাজ ভেঙে যাবে?

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।