বেনাপোল স্থলবন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে বের করে নেওয়া প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালের চালান জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ ঘটনায় দুটি কাভার্ড ভ্যানসহ দুই চালককে আটক করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাত ৪টার দিকে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
আটক চালকরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার সাজ্জাদ হোসেন এবং কলারোয়া উপজেলার নাজমুল হোসেন। ঘটনাটি গত বুধবার গভীর রাতে ঘটলেও বেনাপোল বন্দরে বিষয়টি জানাজানি হয় রোববার দুপুরে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)-এর শ্রীনগর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জের দিকে আসা দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি করা হয়। এ সময় ২৬ হাজার ৩৫৩টি ভারতীয় শাড়ি ও ২ হাজার ৪৮৭টি কাশ্মীরি শাল জব্দ করা হয়। জব্দ করা শাড়ির বাজারমূল্য ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা এবং শালের মূল্য ৩৭ লাখ ৩০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্যের মূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালকরা জানিয়েছেন, তারা পরস্পরের যোগসাজশে বেনাপোল বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন ভারতীয় পণ্য কাভার্ড ভ্যানে করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করতেন। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মামলা করে জব্দ করা পণ্যসহ তাদের মুন্সীগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
এদিকে অভিযোগ উঠেছে, বেনাপোল বন্দরের কাস্টমসের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে নো-এন্ট্রির মাধ্যমে দুটি কাভার্ড ভ্যানে পণ্য তুলে পাচার করা হয়। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বন্দরের শেড থেকে কাগজপত্র ছাড়াই পণ্য বের করে রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। এ কাজে কাস্টমস ও বন্দরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, এসআরবি-১০-এর কর্মকর্তারা দুটি কাভার্ড ভ্যান ও দুই চালকসহ থানায় এসে মামলা করেছেন। জব্দ করা পণ্যের বাজারমূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা। পাচারচক্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশায় আটক চালকদের রিমান্ডের আবেদন করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিঠুন বৈদ্য জানান, আটক আসামিদের রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাদের কাছ থেকে পাচারচক্রের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বেনাপোল কাস্টমস ও বন্দরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে দীর্ঘদিন ধরে একটি শুল্ক ফাঁকিবাজ সিন্ডিকেট কাগজপত্রবিহীন নো-এন্ট্রির পণ্য পাচার করে আসছে। এর মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি তাঁদের। অন্যদিকে, সাধারণ ব্যবসায়ীদের ছোটখাটো বিষয়েও কঠোরতা ও হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা।