কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে অ্যাপলের দুই শতাধিক কর্মী চাকরি হারিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে অ্যাপলের নতুন পরিকল্পনার অংশ হিসেবে এ ছাঁটাই করা হয়েছে।
অ্যাপল জানিয়েছে, নতুন পরিকল্পনা অনুযায়ী সিরি ও ভিশন প্রো দলের ২০০টির বেশি পদ কমানো হচ্ছে। শুক্রবার (২১ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে প্রায় ১০০ জন ভিশন প্রো দলের। বাকি পদগুলো সিরি এবং ‘ইন্টেলিজেন্ট সিস্টেমস এক্সপেরিয়েন্স’ দলের। এই দলটি অ্যাপলের বিভিন্ন যন্ত্রে এআই প্রযুক্তি যুক্ত করার কাজ করে থাকে। নতুন এআই উদ্যোগ ও নতুন ধরনের যন্ত্র তৈরিতে বেশি গুরুত্ব দিতেই এ ছাঁটাই করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে অ্যাপলও কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য আরও ভালো অভিজ্ঞতা তৈরির লক্ষ্যেই ব্যবসার কাঠামোতে এমন পরিবর্তন আনা হচ্ছে। তবে সব পদ বিলুপ্ত হচ্ছে না বলে জানিয়েছে অ্যাপল।
অ্যাপল জানিয়েছে, নতুন এই পরিবর্তনের অংশ হিসেবে নতুন পদও তৈরি করা হবে। একই সঙ্গে কিছু বর্তমান পদে এর প্রভাব পড়বে।
অ্যাপল আরো জানিয়েছে, আমরা বর্তমানের এই টিম সদস্যদের অবদানের জন্য কৃতজ্ঞ। আমরা তাদের এই রূপান্তরের সময় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে অ্যাপলে অন্যান্য পদে আবেদন করার সুযোগও অন্তর্ভুক্ত থাকবে।
মূলত অ্যাপলের ভার্চুয়াল বাস্তবতা (ভিআর) হেডসেট ভিশন প্রো বাজারে আসার পর থেকেই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে টেকজায়ান্ট প্রতিষ্ঠানটি। এরই মধ্যে প্রতিষ্ঠানটি এআই খাতে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। তাছাড়া সিরি নিয়েও বড় পরিবর্তনের পথে এগোচ্ছে অ্যাপল।
প্রতিষ্ঠানটি এআইভিত্তিক আরও উন্নত সিরি তৈরিতে কাজ করছে। একই সময়ে নতুন যন্ত্র তৈরির পরিকল্পনাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ফলে সাম্প্রতিক কর্মী ছাঁটাইকে শুধু ব্যয় কমানোর পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই। বরং এআই ও নতুন প্রযুক্তিকে কেন্দ্র করে অ্যাপলের ব্যবসায়িক অগ্রাধিকারে পরিবর্তনের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে এ থেকে।