সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের সম্ভাব্য স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে সেখানে জোরদার করা হয়েছে নজরদারি। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশেষ অভিযান এবং আধুনিক প্রযুক্তি ড্রোন ও সিসি ক্যামেরা ব্যবহার হচ্ছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে নেত্রকোনা ব্যাটালিয়ন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।
তিনি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে কাজ করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের পাশাপাশি মাদক, অস্ত্রসহ বিভিন্ন ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, অবৈধ অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে এমন স্পর্শকাতর স্থানগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আরও সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। রাতের অন্ধকারে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের পাশাপাশি পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি জোরদার করতে ড্রোনও ব্যবহার করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে গত এক বছরে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির বিভিন্ন অভিযানের তথ্য তুলে ধরেন ব্যাটালিয়ন অধিনায়ক।
তিনি জানান, এ সময়ে তিন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এছাড়া ভারত থেকে বাংলাদেশে আসা এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় পাচারের শিকার নয়জন পুরুষ ও দুজন নারীকে আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।