গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভে ঢুকে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার হয়। গ্রেপ্তার আসামিদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, বেতন বৃদ্ধির দাবিতে শনিবার সকালে পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। বিক্ষোভে ঢুকে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ পাওয়ায় পুলিশ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বর্তমানে যারা আন্দোলনের নামে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়, বরং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সকাল থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে কাজ করছে।
তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মহাসড়ক ও বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।
ওসি বলেন, বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ।