কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হয়েকিরণ মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া৬০ জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া কিরণ মিয়া ওই গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে। তিনি পল্লিচিকিৎসক ছিলেন। অসুস্থ অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়কান্দা গ্রামের আরজু মিয়ার মেয়ের বিয়েতে প্রায় ৩০০ অতিথির খাবারের আয়োজন করা হয়। প্রথমে কনেপক্ষের অতিথিদের এবং পরে বিকেলে বরপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়। খাবার খাওয়ার পরপরই অনেকের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। পরে রাতভর একে একে অসুস্থদের হাসপাতালে নেওয়া হয়।
অসুস্থদের মধ্যে কয়েকজনকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিশোরগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকে বাড়িতেও চিকিৎসা নিচ্ছেন।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরমা দাস জানান, এ পর্যন্ত ২২ জন নারী ও ১৮ জন পুরুষসহ মোট ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সময়ের সঙ্গে রোগীর সংখ্যা বাড়ছে। বিভিন্ন হাসপাতালেও অসুস্থ ব্যক্তিরা চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানতে পেরেছেন।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, অসুস্থদের নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। চিকিৎসার সরঞ্জাম ও ওষুধের কোনো সংকট নেই। তবে শয্যাসংকট থাকায় অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন সেলিম মিয়ার দাবি, বিয়ের অনুষ্ঠানে পরিবেশন করা গরুর মাংস ভালোভাবে রান্না করা হয়নি। ওই খাবার খেয়েই তাঁরা অসুস্থ হয়েছেন বলে ধারণা করছেন তিনি। এ ঘটনায় তাঁর পরিবারের চারজন অসুস্থ হয়েছেন।