মূল সংবাদে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

দিরাইয়ে ১২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
দিরাইয়ে ১২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষার প্রসারে পিছিয়ে পড়া বিশাল জনগোষ্ঠীর সন্তানদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হাওরাঞ্চলের জেলা সুনামগঞ্জের দিরাই উপজেলার সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) লোকনাথ সরলা, কুমুদ রেবা ফাউন্ডেশন ও মোছা. কুলসুম বিবি এই তিনটি সংগঠনের আয়োজনে দিরাই সরকারি উচ্চবিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই পুরো পরীক্ষা কেন্দ্রজুড়ে ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ। ছোট ছোট মুখে বড় স্বপ্নের ঝিলিক, অভিভাবকদের চোখে আশার আলো সব মিলিয়ে তৈরি হয় এক অসাধারণ দৃশ্য।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি এবং দানবীর জামিল চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন- দিরাইয়ের কৃতী সন্তান, সমাজসেবক ও শিক্ষানুরাগী আমিনুল ইসলাম আমিন, আব্দুল আলিম, প্রাথমিক শিক্ষক বকুল রায়, নুরুল হক, বকুল বণিক, সিরাজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মনোজ কান্তি পুরকায়স্থ, সচিব অনুপম দাস ও যুগ্ম সচিব যোগ প্রভাত দাস চয়ন।

এ ছাড়া লন্ডন থেকে মুঠোফোনের মাধ্যমে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মোছা. কুলসুম বিবির সুযোগ্য সন্তান মো. রাসিকুল ইসলাম।

পরে অতিথিরা দিরাই সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ হাসানের কক্ষে যান। প্রধান শিক্ষক অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁদের আপ্যায়িত করেন। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে জামিল চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ বিষয়ে দিরাই লোকনাথ সরলা কুমুদ রেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান নারায়ণ দাস বলেন, ‘আপনাদের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। প্রায় দুই যুগ ধরে আমরা প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আনার চেষ্টা করে যাচ্ছি। আমাদের চলার পথে অনেক ভুল-ত্রুটি থাকতে পারে। সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই প্রত্যাশা।’

দিরাইয়ের কৃতী সন্তান, সমাজসেবক ও শিক্ষানুরাগী আমিনুল ইসলাম আমিন বলেন, ‘প্রায় দুই যুগ ধরে লোকনাথ সরলা, কুমুদ রেবা ফাউন্ডেশন ও মোছা. কুলসুম বিবি এই তিনটি সংগঠনের নেতৃবৃন্দ অবহেলিত জনপদ দিরাইয়ে আলোকিত আগামীর পথে এক মহৎ যাত্রা শুরু করেছেন।

এই উদ্যোগের ফলে এ অঞ্চলের কোমলমতি শিশু-কিশোরদের বিদ্যালয়মুখী করার পাশাপাশি প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত হচ্ছে। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে এসব সংগঠনের অবদান আজ সবার কাছে প্রশংসিত ও সমাদৃত।

এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। শিক্ষার প্রসারে তাঁদের এ মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।’

বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব জামিল চৌধুরী পরীক্ষা চলাকালে বিদ্যালয় পরিদর্শনে এসে অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েন। একসময় তিনিও এ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। হাতেখড়ি থেকে শিক্ষাজীবনের শুরুর সময়টুকু এই বিদ্যালয়েই কাটিয়েছেন তিনি। দীর্ঘক্ষণ স্মৃতির পাতায় ডুব দেন তিনি।

শতবর্ষী এ বিদ্যালয়ের সদ্য সরকারি হওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়ে জামিল চৌধুরী বলেন, ‘এই উদ্যোগ শুধু একটি পরীক্ষা নয়, এটি আগামী প্রজন্মের স্বপ্ন গড়ার এক মহৎ প্রয়াস। যাঁরা এই মহৎ কাজের পেছনে রয়েছেন, তাঁদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’

তিনি এ ধরনের মহতী উদ্যোগে পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে এখান থেকে শিক্ষার আলো ছড়িয়ে দিই পুরো হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলায়।’

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত

পরের সংবাদ

বিয়ের দাওয়াত খেয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।