মূল সংবাদে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত

প্রথমার্ধেই দুই গোলের ব্যবধান গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। বিরতির পর ভুটান একটি গোল শোধ করে লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে শিরোপার অন্যতম দাবিদাররা।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে ভারত। এই জয়ে ১৪তমবারের মতো প্রতিযোগিতাটির ফাইনাল নিশ্চিত করল রেকর্ড নয়বারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। অষ্টম মিনিটে লুঙ্গদিমের ফ্রি-কিক থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে জালে পাঠান বিষ্ণু পুথিয়াল। ২৭ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন কনশ্যাম সিং।

দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় ভারত। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ভুটান। ৪৮ মিনিটে অধিনায়ক চেনচো গাইয়েলতসেনের পাস থেকে হেডে গোল করেন কিনজ্যাং তাশি টবডেন। শুরুতে অফসাইডের সিদ্ধান্ত এলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় গোলটি বৈধতা পায়।

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথম ব্যবহার করা হয় ভিএআর প্রযুক্তি। ৬৫ মিনিটে হ্যান্ডবলের অভিযোগে ভারতকে দেয়া পেনাল্টির সিদ্ধান্তও পরে প্রযুক্তির সহায়তায় বাতিল করেন রেফারি।

শেষদিকে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ভুটান। তবে যোগ করা সময়ে দেইচং দর্জির হেড থেকে পাওয়া বল কাজে লাগাতে পারেননি কিমজ্যাং তেনজিং। ফলে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয় ভুটানের।

দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে ভারত। ২১ বছর পর টুর্নামেন্টটির ফাইনাল নিশ্চিতের মিশনে রাত সাড়ে ৮টায় পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজরা। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে শিরোপার লড়াই।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা আটক

পরের সংবাদ

দিরাইয়ে ১২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠ...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।