সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে গোল উৎসব করছে বাংলাদেশ। শমিত সোম ও হামজা চৌধুরীর পর দ্বিতীয়ার্ধে গোল করেছেন ফারহান আলী ও রাকিব হোসেন।
রাকিবের দুর্দান্ত গোলে শ্রীলঙ্কার জালে এক হালি পূর্ণ করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে ৪-০ গোলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছে স্বাগতিকেরা।
বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের অষ্টম মিনিটে হামজা চৌধুরীর ক্রস থেকে পাওয়া বলে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন শমিত সোম।
এরপর প্রথমার্ধের ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা। ইব্রাহিমের পাস ধরে বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর শট শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরার গায়ে লেগে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধে ৫৩তম মিনিটে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে গোল করেন ফারহান আলী। বক্সের সামান্য বাইরে বল পেয়ে একে একে তিনজনকে কাটিয়ে জালে বল পাঠান তিনি। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
এরপর শেষ দিকে চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন। বক্সের বেশ খানিকটা বাইরে বল পেয়ে দৌড়ে পেছনে ফেলেন একজন ডিফেন্ডারকে।
সামনে তখন শুধু শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। তাঁকে সামনে পেয়ে চিপ করে মাথার ওপর দিয়ে বল জালে পাঠান রাকিব। তাঁর অসাধারণ ফিনিশিংয়ে শ্রীলঙ্কার জালে এক হালি গোল পূর্ণ হয় বাংলাদেশের।
ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে রাকিব বেশ কয়েকটি বিপজ্জনক ক্রসও বাড়িয়েছেন। অন্যদিকে শ্রীলঙ্কা মাঝেমধ্যে আক্রমণে উঠলেও বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি।