নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নাটোর জেলা বিএনপি।
ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় তার ছেলের নাম জড়ানো এবং সংসদ সদস্যের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টি সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আয়োজিত জেলা বিএনপির প্রস্তুতি সভায় এ তথ্য জানান সংগঠনটির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।
তিনি বলেন, সংসদ সদস্য আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, জেলা বিএনপির পক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। এ কারণে তার বিষয়ে উত্থাপিত অভিযোগ ও সাম্প্রতিক ঘটনাগুলো লিখিতভাবে কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। কেন্দ্রীয় সংগঠনই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে গুরুদাসপুরে বিলচলন শামসুজ্জোহা কলেজের পাশে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পেছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলের নাম আলোচনায় আসে।