মূল সংবাদে যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
হাসিবের ওপর হামলা, ছাত্রলীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ শ্রীমঙ্গল থানায় বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে হাবিবকে (২৬) প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে ঘুরতে গিয়ে উপজেলার রাধানগর এলাকার ‘বালিশিরা রিসোর্ট’র সামনে হামলার শিকার হন হাসিব। এ সময় ছাত্রলীগ নেতা হাবিবের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে গালিগালাজ করে। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করা হয়। ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতেও দেখা যায়, অটোরিকশায় বসে থাকা হাসিবকে লক্ষ্য করে এক ব্যক্তি ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার করছেন এবং দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালাচ্ছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ জমা দিলে পুলিশ মামলাটি রেকর্ড করে।

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পরই রাতে মামলাটি রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।’ 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু

পরের সংবাদ

৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রিয়াদ রুটের সকল ফ্লাইট

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।