সিলেট একটি হোটেল থেকে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও হোটেলের ম্যানেজারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর আম্বরখানা এলাকার হোটেল পলাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে ছাত্র ও যুবদল। উত্তেজিত নেতাকর্মীরা একটি মোটরসাইকেলে আগুন দিয়েছেন।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটক দেলোয়ার হোসেন গোয়াইনঘাট উপজেলার জাঙ্গাইল তোয়াক্কুল গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বর্তমানে সিলেট জেলা যুবলীগ নেতা। বাকি আটকরা হলেন হোটেল পলাশের ম্যানেজার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আসামপুর গ্রামের মৃত দরুস মিয়ার ছেলে শাহীন মিয়া (৪৩), হোটেলের কর্মী, একই উপজেলাী সাংদাত্তরাই গ্রামের মুক্তার মিয়ার ছেলে শামসুল আমিন।
জানা যায়, নগরের আম্বরখানার হোটেল পলাশের একটি কক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন অবস্থান করছেন এমন খবর ছড়িয়ে পড়ে। পরে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিএনপি ও ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হোটেলটির সামনে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে খবর পেয়ে সেখানে যায় এয়ারপোর্ট থানা পুলিশ।
পরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা মিলে হোটেলের একটি কক্ষে তল্লাশি চালিয়ে দেলোয়ার হোসেনকে আটক করেন। এ সময় হোটেলজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা হোটেলের সামনে এয়ারপোর্ট-আম্বরখানা সড়কে বিক্ষোভ করে ছাত্রলীগ নেতার পালসার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও এলাকাবাসী যৌথভাবে হোটেলটিতে অভিযান চালায়। এ সময় হোটেল ম্যানেজার ছাত্রলীগ নেতা সেখানে নেই বলে জানান। পরে পুলিশ তল্লাশি চালিয়ে দেলোয়ার নামে ওই নেতাকে আটক করে এয়ারপোর্ট থানায় নিয়ে যায়।
তিনি বলেন, ছাত্রলীগ নেতার অবস্থান সম্পর্কে পুলিশকে ভুল তথ্য দিয়ে অসহযোগিতা করায় হোটেল ম্যানেজার এবং তল্লাশিতে বাধা দেওয়ায় আরেক কর্মীকে থানায় নেওয়া হয়েছে।
তাদের বিষয়ে আমরা যাচাই-বাছাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবো। আটক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সাম্প্রতিক একটি ঘটনাতেও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এসব বিষয় পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আটকের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আটক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনকে আজই আদালতে সোপর্দ করা হবে।