শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নালিতাবাড়ী উপজেলার মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির একটি টহল দল তাদের আটক করে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে ৩৯ বিজিবির অধিনায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে ঢুকার সময় ওই ১২ ব্যক্তিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাঁটা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে ইমদাদুল হক (২৮), একই উপজেলার ঘটি গ্রামের শমসের আলীর ছেলে মিনারুল (১৯), মাধবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে ইউসুফ (২১), দিয়ারমানিকচর গ্রামের ইব্রাহিমের ছেলে শওকত আলী (৩৫), একই গ্রামের মাহাবুব রহমানের ছেলে আব্দুল্লাহ (২৫) ও সুরুজ্জামানের ছেলে হাসান (২৫) এবং রাতাহরি গ্রামের ছেলে মো. মেসবাহুল (২০), এছাড়া চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামের মো. খায়রুলের ছেলে মো. আক্তারুল হক (২০), গ্রামের মোহাম্মদ লোকমানের ছেলে শামীম (২৩), রসুলপুর গ্রামের কামালের ছেলে আব্দুল করিম (২১), চরমেহনপুর নিচপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে আল আমিন (২৪), লতাহারি গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. রুবেল (৩০)।
৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নুরুল আজিম বায়েজিদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছি।
এছাড়া সীমান্ত মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।