পিরোজপুরের ভান্ডারিয়ায় থামিয়ে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে একটি বাসে ঘুমিয়ে থাকা মো. সিয়াম নামে এক হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
ভান্ডারিয়া থানা পুলিশের ওসি মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেওয়া হয়। বাসে আগুন দেখে টহলরত পুলিশ এসে আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ সময় বাহক নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।