সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে নাটোরের বড় হরিশপুরে জেলা বিএনপির সাংগঠনিক কার্যালয়ের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী (বাবুল চৌধুরী), মিজানুল হক ডিউকসহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সব সময় রাজপথে ছিলেন এবং থাকবেন। দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের আগের চরিত্রে ফিরে যাচ্ছে। তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।
তারা আরও বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। ভবিষ্যতে যেকোনো ধরনের ষড়যন্ত্র, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে। দেশে নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সব নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।
মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।