জার্মানি দেশজুড়ে রেলস্টেশনগুলোতে মদ্যপানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। যাত্রী ও রেলকর্মীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য বাড়ানোর লক্ষ্যে পরীক্ষামূলক কার্যক্রমের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জার্মানির বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের সংকলনে এ তথ্য জানানো হয়।
এর পাশাপাশি দেশটির জরুরি চিকিৎসাসেবায় সংস্কার, তামাকের কর বৃদ্ধি, বার্লিনে রাজনৈতিক জোট গঠন নিয়ে আলোচনার খবরও উঠে এসেছে। খবর ডয়চে ভেলের।
জার্মানির কয়েক ডজন শহর ও এলাকায় পরীক্ষামূলকভাবে এ ধরনের বিধিনিষেধ চালুর পর এবার দেশজুড়ে রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ পদক্ষেপের ফলে স্টেশনে যাত্রী ও কর্মীদের নিরাপত্তা বাড়বে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কমবে।
শুধু তাই নয়, দেশটির পার্লামেন্টে তামাকজাত পণ্যের ওপর কর উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
প্রস্তাবটি পাস হবে বলে আশা করা হচ্ছে। তবে কর বৃদ্ধির নির্দিষ্ট হার ও কার্যকরের সময় সম্পর্কে প্রকাশিত সংক্ষিপ্ত তথ্যে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে জার্মানির পার্লামেন্ট বুন্ডেসটাগ জরুরি চিকিৎসাসেবা সংস্কারের প্রস্তাব অনুমোদন করেছে। এর লক্ষ্য হলো জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং প্যারামেডিকদের কাজ আরও কার্যকর করা।