বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি সংকটের কারণে সারা বিশ্ব এখন টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। গত ছয় মাসে বিএনপি সরকার জ্বালানি খাতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এভাবে ভর্তুকি দিতে থাকলে দেশের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা কঠিন হয়ে পড়বে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নাটোর জেলা প্রশাসন আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জ্বালানি খাতে ভর্তুকির চাপ কমাতে সরকার প্রতিটি বাড়ির ছাদে সৌরবিদ্যুতের ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে ইতোমধ্যে ২৫ হাজার মানুষ আবেদন করেছেন।
সরকারের লক্ষ্য, বর্তমান মেয়াদের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে উৎপাদন করা। আর ১০ বছরের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ৪০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, গ্রাহকেরা নিজেদের ব্যবহারের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করে আয় বাড়াতে পারবেন। এ বিষয়ে দ্রুত একটি আইন প্রণয়ন করা হচ্ছে। আগামী অধিবেশনেই আইনটি পাস করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দেশ শাসন করেছেন।
লাল-সবুজের পতাকাকে অবমাননা করেছেন। কেউ মুক্তিযুদ্ধ ও জাতীয় পতাকাকে অবমাননা করলে তা কষ্টের বিষয়। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বক্তব্য দেন।
পুলিশের ভূমিকা প্রসঙ্গে প্রধান অতিথি বলেন, গত ১৭ বছর পুলিশকে বিরোধী দল দমনে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম ও দেশকে মাদকমুক্ত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
শুধু সরকারের ওপর দায়িত্ব ছেড়ে দিলে চলবে না; প্রতিটি পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান অতিথি নাটোরে গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে পর্যায়ক্রমে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, বাংলাদেশ সম্ভাবনাময় দেশ। দেশের দিকে অনেক রাষ্ট্রের লোলুপ দৃষ্টি রয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
নাটোরের জেলা প্রশাসক সুমীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান রহিম নেওয়াজ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছমা খাতুন, নাটোর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মশিউর রহমান,নাটোর পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।