মূল সংবাদে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

জয়ে ফিরল ফ্রান্স, তুর্কিদের হারিয়ে গ্রুপসেরা জিদানের দল

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
জয়ে ফিরল ফ্রান্স, তুর্কিদের হারিয়ে গ্রুপসেরা জিদানের দল
ছবিঃ সংগৃহীত

উয়েফা নেশনস লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ফ্রান্স। এই জয়ে গ্রুপ পর্বের শীর্ষস্থানও নিশ্চিত করেছে ফরাসিরা।

ম্যাচের ৪৯ মিনিটে আমিরহান তুবাজুর আত্মঘাতী গোল এবং ৮০ মিনিটে তরুণ স্ট্রাইকার এলি জুনিয়র ক্রুপির গোলে জয় নিশ্চিত করে জিনেদিন জিদানের দল। অন্যদিকে, ম্যাচের একদম শেষ মুহূর্তে (৯০ মিনিট) তুরস্কের হয়ে একমাত্র গোলটি পরিশোধ করেন আবদুলকেরিম বারদাকচি।

এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে ফ্রান্স। অন্যদিকে, কোনো পয়েন্ট না পেয়ে টেবিলের একদম তলানিতেই টুর্নামেন্ট শেষ করেছে তুরস্ক।

এর আগের রাউন্ডে ইতালির কাছে ৩-১ গোলে হেরেছিল ফ্রান্স। সেই হারের ক্ষত ভুলে শুরু থেকেই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে ফরাসিরা। কোয়ার্টার ফাইনাল আগেই একরকম নিশ্চিত হলেও গ্রুপ সেরা হওয়াই ছিল তাদের মূল টার্গেট।

ম্যাচের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফ্রান্স। ১৩ মিনিটে শেরকি এবং পরের মিনিটেই আদ্রিয়েন র‍্যাবিওট আক্রমণ চালান। ১৫ মিনিটে চোট কাটিয়ে ফেরা কিলিয়ান এমবাপ্পের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন তুর্কি গোলরক্ষক বারকে ওজের।

প্রথমার্ধে এমবাপ্পে বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণভাগে ত্রাস সৃষ্টি করলেও ওজেরের দৃঢ়তায় গোলবঞ্চিত থাকে ফরাসিরা। অন্যদিকে, ৩৫ মিনিটে ইউকসেকের শট দারুণভাবে প্রতিহত করেন ফরাসি গোলরক্ষক মাইগনান। প্রথমার্ধে এমবাপ্পের একটি গোল অফসাইডের কারণে বাতিলও হয়।

বিরতির পর মাইগনান ইনজুরড হয়ে মাঠ ছাড়লে তার পরিবর্তে গোলবারের নিচে দাঁড়ান গুইলাম রেস্টোস। দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফ্রান্স। শেরকির কর্নার থেকে র‍্যাবিওটের হেড এবং প্রতিপক্ষের জটলার সুযোগ নিয়ে বল নিজেদের জালেই জড়ান তুর্কি ডিফেন্ডার তুবাজু।

রিয়াল মাদ্রিদ তারকা আর্দা গুলার তুরস্কের আক্রমণভাগকে দারুণভাবে পরিচালনা করলেও ফরাসি রক্ষণ ভাঙতে বেশ কষ্ট করতে হয় তাদের। জিদান কামাভিঙ্গা ও এলি জুনিয়র ক্রুপিকে মাঠে নামালে গতি বাড়ে ফ্রান্সের আক্রমণে। ৬৪ মিনিটে এমবাপ্পে এবং ৬৭ মিনিটে ক্রুপির শট রুখে দেন তুর্কি গোলরক্ষক।

ম্যাচে একের পর এক সুযোগ পেয়েও ফরোয়ার্ডদের ব্যর্থতায় ব্যবধান বাড়াতে বেশ লড়তে হয়েছে ফরাসিদের। অবশেষে ৮০ মিনিটে শেরকির চমৎকার পাস থেকে বল পেয়ে নিখুঁত শটে গোল করেন বোর্নমাউথ ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপি। আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে এটি তার দ্বিতীয় গোল।

তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে গুলারের কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান কমান বারদাকচি। যোগ করা সময়ে রক্ষণভাগের ভুলে এই গোল হজম করায় কোচের অসন্তোষের কারণ হন ফরাসি ডিফেন্ডাররা।

এই জয়ের সুবাদে গ্রুপ সেরা হয়েই কোয়ার্টার ফাইনালে পা রাখল ফ্রান্স। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র, যেখানে নিজেদের পরবর্তী প্রতিপক্ষকে জানতে পারবে ফরাসিরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

সেই ইতালিকে ৯ মিনিটের ঝড়ে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

পরের সংবাদ

আগুনে পুড়ল ২৩ দোকান-বসতঘর

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ